মানছুর রহমান জাহিদ, পাইকগাছা, খুলনাঃ খুলনার পাইকগাছায় মাত্র ৮ ঘন্টার ব্যবধানে মারা গেলেন চাচা - ভাইপো। ঘটনাটি ঘটেছে উপজেলার ২ নং কপিলমুনি ইউনিয়নের প্রতাপকাটি গ্রামে।
এলাকা সুত্রে জানা গেছে, রোববার (৩রা মে) সকাল সাড়ে ৯টার দিকে প্রতাপকাটি গ্রামের মাক্রোবাস ড্রাইভার বুলবুল গাজীর পিতা ইজাহার আলী গাজী (৬৮) মৃত্যু বরণ করেন। আর আসরবাদ তার জানাজা নামাজের ঘোষণা দেন স্বজনরা। এদিকে আসরবাদ স্থানীয় হাউলি প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা নামাজের উদ্দেশ্যে বাড়ি থেকে চাচা ইজাহার আলীর লাশ নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে অসুস্থ হয়ে পড়ে মৃত মোজাহার আলী গাজীর ছেলে (ভাতিজা) জলিল গাজী (৪৩)। এ সময় তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসলে তার মৃত্যু হয়।
তবে ভাতিজা জলিল গাজী স্ট্রোক করার কারনে প্রায় এক বছর যাবত অসুস্থ অবস্থায় বাড়িতেই চিকিৎসাধীন ছিলেন বলেও জানা গেছে।
এদিকে মাত্র ৮ ঘন্টার ব্যবধানে চাচা- ভাইপোর মৃত্যুতে শোকাহত পরিবারসহ এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।