বিশেষ প্রতিবেদকঃ চাকরিবিধি ও সরকারি বদলি নীতি সম্পূর্ণ লঙ্ঘন করে মোস্তফা কামাল দীর্ঘ বছর ধরে একই স্টেশনে ও একই এলাকায় ক্ষমতা আঁকড়ে ধরে আছেন। এই দীর্ঘ অবস্থানকে কাজে লাগিয়েই মূলত তিনি লাইসেন্স বাণিজ্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বিসিক ফতুল্লার লিডার মোস্তফা কামালের বিরুদ্ধে মূল অপরাধ গুলোর মধ্যে রয়েছে ক্ষমতার অপব্যবহার, মোটা অঙ্কের বিনিময়ে ফায়ার লাইসেন্স বাণিজ্য এবং অবৈধ এক্সটিংগুইশার ব্যবসা পরিচালনা।
এছাড়াও কর্মস্থলে নিয়মিত অনুপস্থিতি, প্রতিদিন চটকদার ব্যক্তিগত সিএনজিতে ঘুরে দাপ্তরিক ওয়াকিটকি ব্যক্তিগত কাজে ব্যবহার, অধীনস্থদের সঙ্গে অসদাচরণ এবং সরকারি নিয়ম লঙ্ঘন করে ব্যারাকে বহিরাগত ড্রাইভারের অবাধ যাতায়াত নিশ্চিত করার মতো গুরুতর অনিয়মে তিনি জড়িয়ে পড়েছেন।
এর আগেও কয়েকটি গণমাধ্যমে এ বিষয়টি ধারাবাহিকভাবে প্রচার ও ফায়ার সার্ভিস ফতুল্লা স্টেশনের লিডার মোস্তফা কামালের দুর্নীতির চিত্র তুলে ধরা হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি।
সুনির্দিষ্ট ভিডিও প্রমাণ ও পাহাড়সম অভিযোগ থাকার পরও ফায়ার সার্ভিস প্রশাসনের এমন দীর্ঘ সূত্রতা ও নিষ্ক্রিয়তা কেবল দুর্নীতিবাজদেরই বেপরোয়া করে তুলছে না, বরং পুরো প্রতিষ্ঠানের প্রশাসনিক কাঠামোকে প্রশ্নবিদ্ধ করছে।
এ বিষয়ে ফায়ার স্টেশন লিডার মোস্তফার সাথে কয়েকদফা যোগাযোগ করা হলেও তার কোন বক্তব্য বা মন্তব্য পাওয়া যায়নি।