নিজস্ব প্রতিবেদক, ভালুকা, ময়মনসিংহঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার ৪নং ধীতপুর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ১নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোঃ নাজিম উদ্দিন নাজিম-এর ব্যক্তিগত উদ্যোগে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী তিনি শত শত গাড়ি বহর নিয়ে ধীতপুর ইউনিয়নের ৭টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন এবং উৎসবের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর নেন। একই সাথে মণ্ডপ কর্তৃপক্ষের হাতে ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক অনুদান তুলে দেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে মোঃ নাজিম উদ্দিন নাজিম বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। আবহমানকাল ধরে এ দেশে সব ধর্মের মানুষ একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করে আসছে। ধীতপুর ইউনিয়নে সব ধর্মের মানুষের মধ্যে যে সৌহার্দ্য ও সম্প্রীতি রয়েছে, তা ভবিষ্যতেও বজায় থাকবে।
এ সময় উপস্থিত স্থানীয় মণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও ভক্তরা তাঁর এই উদার উদ্যোগের প্রশংসা করেন এবং আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। পরিদর্শনকালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকার তরুণ সমাজের প্রতিনিধিরা তাঁর সাথে উপস্থিত ছিলেন।