নিজস্ব প্রতিবেদক, ডুমুরিয়া, খুলনাঃ খুলনার ডুমুরিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নির্মূল এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগার লবি।
সভায় ডুমুরিয়া উপজেলায় মাদকের বিস্তার রোধ ও মাদক নির্মূলে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে ওয়ার্ডভিত্তিক মাদক নির্মূল কমিটি গঠনের বিষয়েও আলোচনা হয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, আনন্দঘন ও নির্বিঘ্ন পরিবেশে উদযাপন নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়। পূজার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়।
এ ছাড়া উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সুসংহত রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
সভায় ডুমুরিয়া উপজেলার শান্তি, শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।