নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এবং আওয়ামী লীগের স্থানীয় কার্যালয় খুলে দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিন পর সমাধিসৌধ এলাকায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসার পাশাপাশি আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যেও নতুন করে তৎপরতা দেখা দিয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের প্রবেশপথ খুলে দেওয়া হয়। একই সময়ে, উপজেলা আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা দলীয় কার্যালয়ও খুলে দেওয়া হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।
স্থানীয় আওয়ামী লীগে নেতাকর্মীরা জানান, রাজনৈতিক পরিস্থিতির কারণে দীর্ঘ সময় ধরে বঙ্গবন্ধুর সমাধিসৌধে সাধারণ মানুষের প্রবেশ ও দলীয় কার্যালয়ের কার্যক্রম সীমিত ছিল। প্রায় দুই বছর পর সমাধিসৌধের দরজা খুলে দেওয়ায় স্থানীয় আওয়ামী লীগে ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
এদিকে কার্যালয় খোলার পর সেখানে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করে। তারা দলীয় কার্যক্রম পুনরায় চালু করার বিষয়ে আলোচনা করেন বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, বঙ্গবন্ধুর সমাধিসৌধ টুঙ্গিপাড়ার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ও জাতীয় স্থাপনা। দীর্ঘদিন বন্ধ থাকার পর এটি আবার খুলে দেওয়ায় দর্শনার্থী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে।
তবে দীর্ঘ সময় বন্ধ থাকার পর সমাধিসৌধ ও দলীয় কার্যালয় খোলার বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।