এম এ মান্নান, মধ্যনগর, সুনামগঞ্জঃ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাঙ্গালভিটা গ্রামের পল্লী চিকিৎসক আঃ খালেকের মামলাবাজিতে অতিষ্ঠ এলাকার লোকজন। জানা যায় বর্তমানে সাতটি মামলার বাদী তিনি। জমি নিয়ে বিরোধে একাধিক মামলায় হয়রানির শিকার মোস্তফা কামাল গংরা। অভিযুক্ত আঃ খালেক একের পর এক মিথ্যা মামলা করে একই গ্রামের মোস্তফা কামাল সহ অনেককেই হয়রানি কারার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
দীর্ঘদিনের মামলার বিরোধকে কেন্দ্র করে এলাকায় চলছে উত্তেজনা। স্থানীয় অনেকেরেই দাবি,আঃ খালেক একজন মামলাবাজ, নিরাপরাধী লোকজনকে মিথ্যা মামলায় জরিয়ে হয়রানি করে সে। এবং টাকার বিনিময়ে মামলা আপোষ করেন তিনি। বিপক্ষের মোস্তফা কামাল গংরা বলেন,এলাকার বাহিরে থাকে এমন ব্যক্তিকে আসামি করেছে। এবং তাঁদের স্বজনদের মামলায় জড়ানো হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে পল্লী চিকিৎসক খালেকের বক্তব্য ভিন্ন। তাঁর দাবি, জমি ও আর্থিক লেনদেন সংক্রান্ত কারণে বিরোধ সৃষ্টি হয়েছে।
অনুসন্ধানকালে স্থানীয় কয়েকজনের কাছ থেকে জানা যায়,মামলাবাজ আঃ খালেক এর দায়েরকৃত সাতটি মামলার নথি পাওয়া গেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাঙ্গালভিটা এলাকায় খালেক মিয়া ও মোস্তফা কামালের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। বাড়ির পাশের জমির মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরেই পরিস্থিতির অবনতি হয়েছে । বিরোধের অপর পক্ষের মোস্তফা কামাল দাবি করেছেন, তাঁর বিরুদ্ধে চারটি মামলা করা হয়েছে।
মোস্তফা কামাল জানান, তিনি স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে গারো সম্প্রদায়ের এক ব্যক্তির কাছ থেকে জমি কিনেছেন। জমি কেনার পরথেকে শান্তিপূর্ণভাবে ভোগদখল করতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, জমির একাংশ নিয়ে বিরোধের কারণে প্রতিবছর ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতি হচ্ছে। জমিতে অন্যদের চাষাবাদ করতে দিলেও বাধার মুখে পড়তে হচ্ছে বলে তিনি জানান। মোস্তফা কামাল আরও অভিযোগ করেন, জমি নিয়ে প্রতিবাদ করায় তাঁর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনদেরও মামলায় আসামি করা হয়েছে।
অন্যদিকে, পল্লী চিকিৎসক আবদুল খালেক মিয়া বলেন, মোস্তফা কামালের সঙ্গে তাঁর ব্যক্তিগত কোনো বিরোধ নেই; মূল বিরোধ জমির প্রকৃত মালিক রূপসরণ গারোকে কেন্দ্র করে। তাঁর দাবি, জমি নিয়ে সমঝোতা ও লেনদেনের অংশ হিসেবে মোস্তফা কামালকে ৫০ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন, কিন্তু পরবর্তী সময়ে জমি বুঝে পাওয়া বা টাকা ফেরত পাওয়া নিয়ে বিরোধ তৈরি হয়।
খালেক মিয়ার সহোদর ভাই আবুল কালাম বলেন, মোস্তফা কামালের সাথে আমাকেও মামলায় আসামি করেছে আমার ভাই। এর কারণ আমাদের পৈতৃক সম্পত্তি নিয়ে আমার সহোদর ভাই আঃ খালেক এর সাথে জামেলা চলছে। নিজেদের ন্যায্য অংশ চাওয়ায়,অন্যের জমি দখলের উদ্দেশ্যে আমাকেও হয়রানি করছে। তাঁর অভিযোগ, পরিবারের সদস্যদের মামলায় জড়ানোর কারণে তাঁদের ভোগান্তি পোহাতে হচ্ছে।
গত ১ সেপ্টেম্বর খালেক মিয়ার স্ত্রীকে মারধর এবং এতে তাঁর গর্ভপাতের অভিযোগে মোস্তফা কামালসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি আলোচনায় এসেছে। প্রতিবেদকের হাতে আসা চিকিৎসাসংক্রান্ত নথি পর্যালোচনায় গর্ভপাতের ঘটনা নিশ্চিত করার মতো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি।
এ অভিযোগ অস্বীকার করেছেন মোস্তফা কামাল। তাঁর দাবি করেন এই মামলাটি সম্পর্ণই মিথ্যা, আমরা মারধর করিনি এবং ঘটনার সময় আমার ছেলে ময়মনসিংহে অবস্থান করছিল এবং পরীক্ষায় অংশ নিচ্ছিল তাকেও আসামি করা হয়েছে।
মামলার সাক্ষী হিসেবে নাম আসা স্থানীয় ইউপি সদস্য আবদুল মোতালেব বলেন, তাঁকে তাঁর অজান্তে সাক্ষী করা হয়েছে। সংশ্লিষ্ট ঘটনার বিষয়ে আমার জানামতে সরাসরি কোনো তথ্য আমার কাছে নেই বলেও দাবি করেন। তবে এলাকায় জমি নিয়ে বিরোধ এবং একাধিকবার সালিশ-বৈঠকের কথা তিনি জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা রফিকুল সরকার বলেন, একটি অগ্নিকাণ্ডের মামলায় আমাকে মিথ্যা আসামি করা হয়েছে। তাঁর দাবি, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না বাগলীতে অবস্থান করছিলেন।
মোস্তফা কামাল বলেন, স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেনসহ গ্রামের বিভিন্ন লোকজনের উপস্থিতিতে একাধিকবার সালিশ হয়েছে। একপর্যায়ে জমি ও আর্থিক বিষয় নিয়ে সমঝোতার প্রস্তাবও এসেছিল বলে তিনি জানান।
সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তা বদলি হওয়ায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটির অভিযোগপত্র আদালতে দাখিল করা হয়েছে।