এম, অম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝটিকা অভিযানে একটি ফার্মেসী ও দুটি বেকারি সহ তিনটি প্রতিষ্ঠানকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার ( ২৩ নভেম্বর ) সকাল ১১টার দিকে অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে অনিয়মের দায়ে মেসার্স মেডিসিন গ্যালারিকে ৩৭ ধারায় ১ হাজার টাকা, আল আশরাফ কনফেকশনারিকে ৩৮ ধারায় ৫ হাজার টাকা এবং মেসার্স হানিফ বেকারিকে ৩৭ ধারায় ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
তবে অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর চরভদ্রাসন বাজারের অধিকাংশ ফার্মেসী ও ওষুধের দোকান একযোগে শাটার বন্ধ করে দেয়। এ সময় অনেক ব্যবসায়ীকে দোকান ছেড়ে অন্যত্র সরে যেতে দেখা যায়। কী কারণে তারা দোকান বন্ধ করেছেন, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে কয়েকটি ফার্মেসীর সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, ভোক্তা অধিকারের অভিযান চলার খবর পেয়ে তারা দোকান বন্ধ করে দিয়েছেন।
এ ঘটনায় স্থানীয় ক্রেতা ও সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। অভিযানের খবর পেলেই যদি অধিকাংশ ফার্মেসী বন্ধ হয়ে যায়। তাহলে এসব প্রতিষ্ঠানের ব্যবসায়িক কার্যক্রম ও নিয়মনীতি যথাযথ ভাবে অনুসরণ করা হচ্ছে কি না তা খতিয়ে দেখার দাবি উঠেছে।
এ বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান অভিযানে একটি ফার্মেসীতে অনিয়ম পাওয়ায় ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানের খবর পেয়ে অন্য দোকানিরা হয়তো অনিয়মের আশঙ্কায় দোকান বন্ধ করে চলে গেছেন।
স্থানীয় সচেতন মহলের মতে বাজারে ভেজাল ও নিম্নমানের পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও খাদ্যপণ্য, অতিরিক্ত মূল্য আদায় এবং ওজনে কম দেওয়ার মতো অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে মাত্র এক ঘণ্টার সংক্ষিপ্ত অভিযান পরিচালনা করে ফিরে গেলে বাজারের সার্বিক অনিয়ম নিয়ন্ত্রণ করা কঠিন। তাই বিচ্ছিন্ন বা লোকদেখানো অভিযানের পরিবর্তে নিয়মিত, ধারাবাহিক ও সারা দিনব্যাপী তদারকি কার্যক্রম পরিচালনার দাবি জানিয়েছেন তারা।
এদিকে চরভদ্রাসন উপজেলা কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বাজারে ভোক্তা ও ব্যবসায়ীদের সচেতন করতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বাজারের বিভিন্ন স্থানে সচেতনতামূলক পোস্টার ও ব্যানার টানানো হয়েছে। এসব প্রচারণায় দোকানের ট্রেড লাইসেন্স হালনাগাদ রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি না করা, ভেজালমুক্ত খাদ্যপণ্য সরবরাহ, অতিরিক্ত দাম না নেওয়া এবং বাজার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়ে ব্যবসায়ীদের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা ক্যাবের সভাপতি লিয়াকত আলী বলেন চরভদ্রাসনে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালনার জন্য আমরা জেলা কার্যালয়ের সঙ্গে একাধিকবার যোগাযোগ করেছি। অভিযান পরিচালনার সময় উপজেলা ক্যাবকে অবহিত করার জন্যও অনুরোধ জানিয়েছিলাম। জেলা কার্যালয় থেকে জানানো হয়েছিল ফরিদপুর জেলার সব উপজেলায় তাদের কার্যক্রম পরিচালনা করতে হয়। এ কারণে মাসে এক থেকে দুই দিন একটি উপজেলায় সময় দেওয়া সম্ভব। কিন্তু আজকের অভিযানের বিষয়ে আমাদের আগে থেকে কিছু জানানো হয়নি।
তিনি আরও বলেন অভিযানের খবর পেয়ে বাজারের অধিকাংশ ফার্মেসী বন্ধ হয়ে যাওয়ার বিষয়টি উদ্বেগজনক। আমরা চাই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নিয়মিত ও পূর্ণাঙ্গ অভিযান পরিচালনা করুক। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি সহ সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হোক। এতে সাধারণ ক্রেতারা প্রতারণা ও হয়রানি থেকে রক্ষা পাবেন এবং ব্যবসায়ীরাও আইন মেনে ব্যবসা পরিচালনায় উৎসাহিত হবেন।
চরভদ্রাসন বাজারের ভোক্তাদের স্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম আরও গতিশীল ও নিয়মিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।