কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজনে আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে সমন্বিত বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।
গোপালগঞ্জ জেলার নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিপিএম।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর প্রধান অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি মো.মোস্তাফিজুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. জি. এম সরফরাজ।
সভায় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ বিজিবি, এসআরবি ও আনসার সদস্যদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা, সুযোগ-সুবিধা, কল্যাণমূলক বিষয় এবং পেশাগত দায়িত্ব পালনে বিদ্যমান চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ পুলিশ সদস্যদের কল্যাণ নিশ্চিতকরণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।