নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জ জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি, বিশিষ্ট সাংবাদিক ও ক্রাইম নিউজের সহ-বার্তা সম্পাদক শৈলেন্দ্রনাথ মজুমদারের ওপর হামলার অভিযোগ উঠেছে।
প্রকাশ্যে হামলার পর ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন গোপালগঞ্জে কর্মরত সাংবাদিকরা।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে গোপালগঞ্জ জেলা কালীবাড়ির সামনে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে গোপালগঞ্জ নিউজ’সহ বিভিন্ন ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, শৈলেন্দ্রনাথ মজুমদারকে কালীবাড়ি রোডের একটি স্টুডিওর ভেতরে নিয়ে মারধর করা হচ্ছে। ভিডিওতে একজন ব্যক্তিকে তাকে শারীরিকভাবে আঘাত করা, গালাগাল ও হুমকি দিতে দেখা যায়। ভিডিওর শব্দ ও আশপাশের পরিস্থিতি থেকে আরও কয়েকজনের উপস্থিতি ও সম্পৃক্ততার বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে।
ভিডিওতে হামলাকারী হিসেবে তপন পোদ্দারকে দেখা গেছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা। তবে হামলার নেপথ্যে আর কারা ছিলেন, তাদের ভূমিকা কী ছিল এবং হামলার প্রকৃত কারণ কী—তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। ভাইরাল ভিডিওটির সত্যতা ও ঘটনার পূর্ণাঙ্গ প্রেক্ষাপট আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।
এ ঘটনায় গোপালগঞ্জের সাংবাদিক সমাজে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাংবাদিকরা বলছেন, কোনো সাংবাদিকের ওপর হামলা শুধু একজন ব্যক্তির ওপর হামলা নয়; এটি গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তার ওপরও গুরুতর আঘাত। কোনো মতবিরোধ বা ব্যক্তিগত বিরোধ থাকলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই।
সাংবাদিকদের অনেকে অভিযোগের সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন, হামলার ভিডিওতে যাদের সম্পৃক্ততা বা উপস্থিতির প্রমাণ পাওয়া যাবে, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে হামলার মূলহোতা ও নেপথ্যে থাকা ব্যক্তিদেরও তদন্তের মাধ্যমে চিহ্নিত করার দাবি জানানো হয়েছে।
গোপালগঞ্জ জেলা প্রিন্ট মিডিয়া জার্নালিষ্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শৈলেন্দ্রনাথ মজুমদারের ওপর হামলার ঘটনায় সাংবাদিকদের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত তপন পোদ্দারকে দ্রুত আইনের আওতায় আনা এবং ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য তথ্য-প্রমাণের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।
সাংবাদিকদের আশঙ্কা, এ ধরনের হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে ভবিষ্যতে সাংবাদিকদের ওপর আরও হামলার ঘটনা ঘটতে পারে। তাই ঘটনার নিরপেক্ষ তদন্তের পাশাপাশি হামলার সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।
এ ব্যপারে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কোনো ছাড় নয়; ভিডিও ফুটেজ ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে প্রকৃত হামলাকারী ও মদদদাতাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে জানান ক্রাইম নিউজের সকল সাংবাদিক ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা সহ অন্যান্যরা।