কে এম শফিকুর রহমান, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, যুব ঋণের চেক ও প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণের মধ্যদিয়ে গোপালগঞ্জে শুরু হয়েছে জাতীয় যুব দিবসের সপ্তাহব্যাপী কর্মসূচি।
রোবববার (১ নভেম্বর) গোপালগঞ্জ জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মোঃ আরিফ- উজ-জামানের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে ফিরে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ "স্বচ্ছতা'য় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট (উপসচিব) মো. আরিফ-উজ-জামান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিপিএম -সেবা এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরীফ রফিকুজ্জামান।
অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তর গোপালগঞ্জের উপপরিচালক মো. শহীদুল ইসলাম।
আলোচনা সভা শেষে যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষিত যুবক/যুবতীদেরকে স্বাবলম্বী হিসেবে গড়ে তুলতে তাদের মাঝে ঋণের চেক এবং সনদ বিতরণ করেন আমন্ত্রিত অতিথিগণ।
জেলা প্রশাসক মো. আরিফ- উজ-জামান বলেন, দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষতা উন্নয়ন, আত্মকর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে যুবসমাজকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
এ সময় জেলা প্রশাসন ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্ত- কর্মচারীবৃন্দ সহ জেলায় বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন