এম রোমানিয়া, খুলনা ব্যুরোঃ খুলনা বিভাগে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনতে আগামীকাল ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত ব্যাপক টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এই কর্মসূচি খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভায় একযোগে পরিচালিত হবে।
এ উপলক্ষে রবিবার বিভাগীয় কমিশনারের সভাকক্ষে আয়োজিত বিভাগীয় সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক।
সভায় তিনি বলেন, হাম-রুবেলা একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ, যা প্রতিরোধে সচেতনতা ও টিকাদান অত্যন্ত জরুরি। প্রতিটি শিশুর সুস্থ জীবন নিশ্চিত করা আমাদের দায়িত্ব এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় এই ক্যাম্পেইন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা দিয়ে বলেন, টিকাদান কার্যক্রমে যেন কোনো শিশু বাদ না পড়ে, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। অনেক শিশু টিকা নিতে ভয় পায় উল্লেখ করে তিনি অভিভাবকদের আশ্বস্ত করেন—এই টিকা সম্পূর্ণ নিরাপদ এবং প্রয়োজনীয়।
এছাড়া তিনি ধর্মীয় নেতাদের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে বলেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিনরা এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিশেষ করে জুমার খুতবা ও নামাজের আগে হাম-রুবেলা টিকা বিষয়ে প্রচার চালানোর জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান।
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সকল অভিভাবককে তাদের শিশুদের নিকটস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে গিয়ে এই টিকা নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।