রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)। রোববার (১৮ অক্টোবর) বেলা ১১টায় নগরীর শিববাড়ি মোড় থেকে এ অভিযান শুরু হয়। পরে শিববাড়ি মোড় থেকে সোনাডাঙ্গা বাস টার্মিনাল পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা বিভিন্ন দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
অভিযানের শুরুতে শিববাড়ি মোড় এলাকার ফুটপাত দখল করে থাকা অবৈধ স্থাপনাগুলো ভেঙে ফেলা হয়। এরপর সোনাডাঙ্গা বাস টার্মিনাল মোড়ের আশপাশের ফুটপাত দখল করে থাকা দোকানপাট উচ্ছেদ করা হয়।
এ ছাড়া বিভিন্ন নির্মাণাধীন ভবনের নির্মাণসামগ্রী, বিশেষ করে ফুটপাতের ওপর রাখা ইট ও বালুর কারণে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়।
অভিযান চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কেসিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কেসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান জানান, নগরীর ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনসাধারণের নির্বিঘ্নে চলাচল নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে। পর্যায়ক্রমে খুলনা সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।
নগরীর ফুটপাত দখলমুক্ত হলে পথচারীদের চলাচলে ভোগান্তি কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।