খুলনা ব্যুরোঃ খুলনা নগরীর ফুলবাড়ীগেট এলাকায় পৃথক ট্রেন দুর্ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) ভোর ও সকালে খানজাহান আলী থানাধীন ফুলবাড়ীগেট রেলক্রসিংয়ের কাছাকাছি এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ফুলবাড়ি মীরেরডাঙ্গা এলাকার নুর ইসলামের ছেলে মাহাফুজুল ইসলাম সিয়াম এবং জয়নাল আবেদীন নামে এক বৃদ্ধ।
জানা যায়, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে ঢাকা থেকে খুলনাগামী শিপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মাহাফুজুল ইসলাম সিয়ামের মৃত্যু হয়। এর প্রায় ১০০ গজ দূরে সকাল ৯টার দিকে ঈশ্বরদী থেকে খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জয়নাল আবেদীন মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন জিআরপি পুলিশের উপপরিদর্শক (এসআই) এস এম রায়হান। তিনি জানান, সিয়ামের মৃত্যুর ঘটনাটি সন্দেহজনক হওয়ায় তাঁর মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে, নিহত জয়নাল আবেদীন মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে।
পৃথক এ দুই দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।