খুলনা ব্যুরোঃ খুলনা নগরীর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী নূর আজিম বাহিনীর ছয় সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ সময় গ্রেপ্তারকৃতদের মধ্যে নূর আজিমের ঘনিষ্ঠ সহযোগী সবুজের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) গভীর রাতে নগরীর টুটপাড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) এবং রাসেল শেখ (২৫)।
পুলিশের অভিযানে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কী কী অভিযোগ রয়েছে এবং তাদের সঙ্গে সন্ত্রাসী কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা কতটুকু, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
খুলনা নগরীতে সন্ত্রাস ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধে পুলিশের এ অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।