খুলনা ব্যুরোঃ খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন নাজিরঘাট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মুস্তাকিন নামে এক যুবক নিহত হয়েছেন।
বুধবার রাত পৌনে ৯টার দিকে ২৬ নম্বর ওয়ার্ডের নাজিরঘাট এলাকার তালুকদার কমিউনিটি সেন্টারের পেছনের গলিতে এ ঘটনা ঘটে।
নিহত মুস্তাকিন নগরীর ২ নম্বর কাসেম সড়ক এলাকার শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় একটি ইলেকট্রিক দোকানের কর্মচারী ছিলেন।
সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, ঘটনার সময় চারটি মোটরসাইকেলে করে আসা প্রায় আটজনের একটি দল মুস্তাকিনের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে পিঠে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মুস্তাকিনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এদিকে, কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে এবং কারা এর সঙ্গে জড়িত—তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সোনাডাঙ্গা থানার ওসি। হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।