খুলনা ব্যুরোঃ খুলনা মহানগরীর পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকায় দুর্বৃত্তদের গুলিতে শেখ জুম্মান রহমান বিশাল (২৭) নামে এক যুবক আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মোটরসাইকেলে আসা হেলমেট ও মাস্ক পরা তিন ব্যক্তি এ হামলা চালিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
রোববার (১৮ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১টা ৫৫ মিনিটে পশ্চিম টুটপাড়া আমতলা মোড় এলাকার একটি মসজিদের সামান্য সামনে এ ঘটনা ঘটে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, ঘটনার সময় বিশাল ওই এলাকায় দাঁড়িয়ে ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলে করে তিনজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি সেখানে আসে। তাদের সবার মাথায় হেলমেট ও মুখে মাস্ক ছিল। একপর্যায়ে তারা বিশালকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তাঁর বাম ঊরুতে গুলি লাগে। পরে দুর্বৃত্তরা তাঁর কাছে থাকা ভি৭৫ মডেলের একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
আহত বিশাল পশ্চিম টুটপাড়া দারোগা বস্তি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম লুৎফর শেখ। গুলিবিদ্ধ হওয়ার পর স্বজনেরা তাঁকে উদ্ধার করে রাত আনুমানিক ২টা ৫০ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে হাসপাতালের সার্জারি বিভাগের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে, হামলার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-এর একাধিক দল কাজ করছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান জানান, ঘটনার কারণ উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।