খুলনা ব্যুরোঃ খুলনা নগরীর লবণচরা থানাধীন আশিবিঘা কালভার্ট এলাকায় অল্প সময়ের ব্যবধানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছেন।
বুধবার সন্ধ্যায় পৃথক এ হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহতরা হলেন, আশিবিঘা এলাকার খোকন সানার ছেলে মঞ্জু এবং ১৮ বছর বয়সী নাজমুল। নাজমুলের বাবার নাম মনির শেখ। মঞ্জু পেশায় স্যানিটারি মিস্ত্রি ছিলেন।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বুধবার সন্ধ্যায় আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় আড্ডা দিতে যাওয়ার সময় মঞ্জুকে লক্ষ্য করে ৮ থেকে ১০ জনের একটি দল কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে মঞ্জুর শরীরে দুটি গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঞ্জুর ওপর হামলার কিছুক্ষণ পর একই এলাকায় ১৮ বছর বয়সী নাজমুলকেও গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা। অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় পরপর দুই যুবক নিহত হওয়ায় এলাকায় আতঙ্কের পাশাপাশি নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
লবণচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররফ হোসেন জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে। কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
পুলিশ ঘটনাস্থলের পরিস্থিতি ও হত্যাকাণ্ডের নেপথ্যের কারণ খতিয়ে দেখছে। একই এলাকায় পরপর দুটি হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।