খুলনা ব্যুরোঃ খুলনা নগরীর লবণচরা এলাকায় গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে বিএনপি নেতা মো. ইকবাল মোল্লা আহত হয়েছেন। রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে লবণচরার হঠাৎ বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহত ইকবাল মোল্লা নগরীর ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-প্রচার সম্পাদক। তিনি লবণচরা ইসলামপাড়া এলাকার বিল্লাল মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হঠাৎ বাজার এলাকায় অবস্থানকালে কয়েকজন ব্যক্তি ইকবাল মোল্লার ওপর হামলা চালায়। এ সময় তাকে লক্ষ্য করে গুলি করা হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। হামলার পর তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
প্রাথমিকভাবে স্থানীয়দের মধ্যে কেউ কেউ হামলার পেছনে পূর্ববিরোধের কথা বললেও এর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সঙ্গে কারা জড়িত, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এদিকে হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।