রাজিবুল ইসলাম রাজিব, খুলনাঃ অপরাধীদের সংখ্যা খুবই কম। পুলিশ, প্রশাসন, সাংবাদিক, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণ কোনো জটিল বিষয় হবে না বলে মন্তব্য করেছেন খুলনার নতুন পুলিশ সুপার (এসপি) সরকার ওমর ফারুক।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় অনুষ্ঠিত হয়।
এসপি ওমর ফারুক বলেন, আমরা আমাদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করার চেষ্টা করব। তবে পুলিশের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। সেখানে জনগণের সাহায্য লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে।
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, অপরাধ ও বিভিন্ন সমস্যার বিষয়ে তথ্য পুলিশের কাছে পৌঁছে দিতে হবে। সাংবাদিকদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ কাজ করতে চায়। এর মাধ্যমে জনগণের স্বার্থ রক্ষা হবে।
খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে নতুন এসপি বলেন, মাদকদ্রব্য, চাঁদাবাজি, অপহরণ ও হত্যাকাণ্ড সহ বিভিন্ন অপরাধের বিষয়ে পুলিশকে আরও সক্রিয় হতে হবে। এসব সমস্যা মোকাবিলায় পুলিশ, জেলা প্রশাসন ও সাংবাদিক কমিউনিটিসহ সংশ্লিষ্ট সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, একা কোনো পক্ষের পক্ষে সব সমস্যা সমাধান করা সম্ভব নয়। জনগণ, সাংবাদিক, পুলিশ, প্রশাসন, শিক্ষক ও বিভিন্ন পেশাজীবী মানুষ একসঙ্গে কাজ করলে অপরাধীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
ওমর ফারুক বলেন, যারা অপরাধ করে বা ঘটায়, তাদের সংখ্যা খুবই কম। আমাদের চেয়ে বেশি নয়, আমরা সংখ্যায় বেশি। জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা এবং পুলিশের পেশাদারিত্বের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনলাইন ভুঁইফোড় সাংবাদিকতার বিষয়েও কথা বলেন নতুন পুলিশ সুপার। তিনি বলেন, অনলাইন ভুঁইফোড় সাংবাদিকতা শুধু খুলনার সমস্যা নয়, আমার মনে হয় সারা দেশেই একই সমস্যা। এ ধরনের সাংবাদিকতা মোকাবিলায় পুলিশ, জেলা প্রশাসন ও সাংবাদিক কমিউনিটিকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব স্টেকহোল্ডারের সহযোগিতা প্রয়োজন বলেও উল্লেখ করেন এসপি।
মতবিনিময় সভায় খুলনা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র এবং অতিরিক্ত পুলিশ সুপার, এ-সার্কেল সাইফুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন।