পারভেজ শেখ, কাশিয়ানী, গোপালগঞ্জঃ গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ২নং পারুলিয়া ইউনিয়নের কুমারিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে মোসাম্মৎ উর্মি বেগম (১৮) মৃত্যু হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সকাল ৯টার দিকে কাশিয়ানী সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত উর্মি কুমারিয়া গ্রামের মো: উকিল শেখের মেয়ে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের কারণে উর্মি আত্মহত্যার চেষ্টা করে। গুরুতর অবস্থায় তাকে কাশিয়ানী সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে নিহতের স্বজনরা এটিকে আত্মহত্যা মানতে নারাজ। তাদের অভিযোগ, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে লাশের সুরতহাল করেছে। ময়না তদন্তের জন্য লাশ গোপালগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।