বিশেষ প্রতিবেদক, ঢাকাঃ এয়ারপোর্ট কাস্টম হাউস ঢাকার বর্তমান কমিশনার মুহম্মদ রইচ উদ্দিন খানের সরাসরি পৃষ্ঠপোষকতায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিটের মতো অতি সংবেদনশীল স্থানে বহাল তবিয়তে দুর্নীতির রথ চালিয়ে যাচ্ছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুল ইসলাম প্রিন্স।
পতিত আওয়ামী লীগ সরকারের শীর্ষ নেতা ও মন্ত্রীদের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এই কর্মকর্তার বিমানবন্দরের মতো কৌশলগত স্থানে পদায়ন নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও প্রশাসনের ভেতরে-বাইরে তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।
দেশের বর্তমান প্রেক্ষাপটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা যখন গুপ্ত হামলা ও অরাজকতা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ উঠছে, ঠিক সেই মুহূর্তে বিমানবন্দরের গুরুত্বপূর্ণ ইউনিটে তার উপস্থিতি নিয়ে গুরুতর নিরাপত্তা প্রশ্ন দেখা দিয়েছে।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিট (AFU), কার্গো ভিলেজ এবং কুরিয়ার ইউনিট দেশের অন্যতম সংবেদনশীল, কৌশলগত ও ব্যস্ততম কাস্টমস জোন। প্রতিদিন শত শত কোটি টাকার পণ্য দ্রুত খালাস করতে হয় এই জোনে। তবে সম্প্রতি কাস্টমস হাউস, ঢাকার বর্তমান কমিশনার মুহম্মদ রইচ উদ্দিন খানের সরাসরি পৃষ্ঠপোষকতা ও বিশেষ আশীর্বাদে সহকারী রাজস্ব কর্মকর্তা (ARO) মাহবুবুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে এই স্পর্শকাতর স্থানে নজিরবিহীন দুর্নীতির পাহাড় গড়ে তোলার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মাঠপর্যায়ে সরাসরি পণ্য পরীক্ষা (Physical Examination) ও নথিপত্র যাচাইয়ের ক্ষমতার অপব্যবহার করে তিনি এবং তার সিন্ডিকেট কাস্টমস ব্যবস্থাকে জিম্মি করে ফেলছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।
এয়ার ফ্রেইট ও কুরিয়ার ইউনিট সূত্রে জানা যায়, সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুল ইসলাম প্রিন্সের প্রত্যক্ষ মদদে বিদেশ থেকে আসা বাণিজ্যিক বড় বড় চালানকে (যেমন—স্মার্টফোন, ল্যাপটপ, কসমেটিকস ও দামি পোশাক) ব্যক্তিগত ব্যবহার বা উপহার (Unaccompanied Baggage / Gift) হিসেবে এন্ট্রি করিয়ে শুল্কমুক্ত বা নামমাত্র শুল্কে বেআইনিভাবে খালাস করে দেওয়া হচ্ছে। এর বিনিময়ে আমদানিকারকদের কাছ থেকে লাখ লাখ টাকার অবৈধ ঘুষ লেনদেন করা হয়। এছাড়া গার্মেন্টস বা শিল্পপ্রতিষ্ঠানের নমুনার (Sample) কোটার অপব্যবহার করে কোটি টাকার মূল্যবান বাণিজ্যিক পণ্য কোনো ধরনের শুল্ক পরিশোধ ছাড়াই বের করে দেওয়ার সুযোগ করে দিচ্ছে এই সিন্ডিকেট। আবার কাস্টমস হেফাজতে বা ওয়্যারহাউসে থাকা পার্সেল থেকে মূল্যবান সামগ্রী চুরি বা গায়েব (Pilferage) করে ভেতরের আসল পণ্য বদলে কম দামি পণ্য ঢুকিয়ে দেওয়ার ক্ষেত্রেও এই চক্রের সহায়তার অভিযোগ রয়েছে।
বিমানবন্দরের কার্গো ভিলেজ বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আসা বিভিন্ন পার্সেলের ভেতর স্বর্ণের বার, বিদেশি মুদ্রা, ইয়াবা কিংবা আইসের মতো ভয়ংকর মাদক আসার তথ্য স্ক্যানিংয়ে স্পষ্টভাবে ধরা পড়লেও তা ফাইলের নথিতে কৌশলে এড়িয়ে যাওয়া হয়। কমিশনার মুহম্মদ রইচ উদ্দিন খানের ছত্রছায়ায় থাকা সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুল ইসলাম প্রিন্স ও স্ক্যানিং অপারেটরদের সাথে চোরাকারবারী সিন্ডিকেটের গোপন চুক্তির মাধ্যমে স্ক্যানার মনিটরের সন্দেহজনক ইমেজকে 'স্বাভাবিক' বা সাধারণ ইলেকট্রনিক্স হিসেবে পাশ কাটিয়ে দেওয়া হয়।
এছাড়া আইন অনুযায়ী নির্দিষ্ট শতাংশ বাক্স বা পার্সেল খুলে কায়িক পরীক্ষা (Physical Examination) করার নিয়ম থাকলেও, বাস্তবে তা না করে বা বাক্স একেবারেই না খুলে মনগড়া পরিদর্শন প্রতিবেদন (Examination Report) জমা দিয়ে ‘ঘোষণামতে মাল সঠিক পাওয়া গেছে’ মর্মে ছাড়পত্র দেওয়ার ভয়ংকর অনিয়ম চলছে। অন্যদিকে, রাসায়নিক পরীক্ষার (Lab Test) জন্য সংগৃহীত পণ্যের নমুনা অসাধু ব্যবসায়ীদের সাথে যোগসাজশে বদলে ফেলে কম শুল্কযুক্ত পণ্যের নমুনা ল্যাবে পাঠানোর মতো গুরুতর জালিয়াতিও এর সাথে যুক্ত রয়েছে।
কাস্টমসের অটোমেটেড সিস্টেম অ্যাসাইকুডা ওয়ার্ল্ডে (ASYCUDA World) তথ্য পরিবর্তনের মাধ্যমে বিশাল অঙ্কের রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে। সিস্টেমের ভেতরে পণ্যের ওজন, প্যাকিং লিস্ট বা কান্ট্রি অফ অরিজিন (Country/Origin) সংক্রান্ত তথ্যে সামান্য হেরফের করে শুল্ক রেয়াত বা অবৈধ সুবিধা পাইয়ে দেওয়া হয়। বিএসটিআই (BSTI), কোয়ারেন্টাইন কিংবা অন্যান্য নিয়ন্ত্রক সংস্থার বাধ্যতামূলক ছাড়পত্র বা বৈধ সনদ ছাড়াই কিংবা জাল সনদ জেনেই আর্থিক সুবিধার বিনিময়ে বিল অব এন্ট্রি (Bill of Entry) প্রসেস করার অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে।
পাশাপাশি, কার্গো ভিলেজে পণ্য আসার পর ওজন স্কেলে (Weighbridge) পণ্যের প্রকৃত ওজন ও পরিমাণ কম দেখিয়ে নথিপত্রে ভুয়া এন্ট্রি করে বাস্তবে কয়েক গুণ বেশি পণ্য খালাস করিয়ে নেওয়া হচ্ছে। একটি বড় চালানকে কয়েকটি ছোট ভাগে (Part Shipment) দেখিয়ে চালানের প্রকৃত পরিমাণ আড়াল করার অপকৌশলও এখানে নিয়মিত ব্যবহৃত হচ্ছে। কোনো অবৈধ চালান বা চোরাচালানের পণ্য আটক করার পর জব্দ তালিকায় (Seizure List) পণ্যের প্রকৃত পরিমাণ বা মূল্য কমিয়ে দেখিয়ে বাকি পণ্য আত্মসাৎ করার অভিযোগ রয়েছে এই চক্রের বিরুদ্ধে।
বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিটে সাধারণ আমদানিকারকদের ফাইল নানা অজুহাতে দিনের পর দিন আটকে রেখে শুধু নির্দিষ্ট কিছু সিঅ্যান্ডএফ (C&F) এজেন্ট বা দালালের মাধ্যমে আসা ফাইলগুলো দ্রুত অনুমোদন দেওয়ার একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করছেন মাহবুবুল ইসলাম প্রিন্স। এই অলিখিত 'স্পিড মানি' বা প্যাকেজ চুক্তির মাধ্যমে প্রতিদিন বিপুল পরিমাণ অবৈধ অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে। বড় কোনো শুল্ক ফাঁকি বা অনিয়ম ধরা পড়লে নিয়ম অনুযায়ী উচ্চহারে জরিমানা বা নিয়মিত মামলা না করে, লঘু ধারায় নামমাত্র জরিমানা দেখিয়ে চালানগুলো ছেড়ে দেওয়ার একচেটিয়া বাণিজ্য চলছে।
অনুসন্ধানে জানা গেছে, ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা মাহবুবুল ইসলাম প্রিন্স ছাত্রজীবন থেকেই আওয়ামী রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। ২০১৩ সালের ২৪ সেপ্টেম্বর ঘোষিত কমিটিতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৬ সালের ২২ ফেব্রুয়ারি ঘোষিত সাইফুর রহমান সোহাগ ও এস এম জাকির হোসাইনের নেতৃত্বাধীন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে তিনি সাধারণ সম্পাদক জাকির হোসাইনের ‘ডান হাত’ হিসেবে পরিচিত ছিলেন এবং কেন্দ্রীয় কমিটির উপ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের পদ বাগিয়ে নেন। অভিযোগ রয়েছে, এই রাজনৈতিক প্রভাব খাটিয়েই তিনি ২০১৭ সালে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে চাকরি লাভ করেন।
কেবল ছাত্রলীগই নয়, বিগত শাসনামলে তিনি ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’-এর কেন্দ্রীয় কমিটিতেও একচ্ছত্র আধিপত্য বিস্তার করেন। ২০১৯ সালে সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক এবং ২০২২ সালে কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হন তিনি। এছাড়া সরকারি চাকরিতে প্রবেশের পরও তৎকালীন সরকার সমর্থিত কাস্টমস অফিসার্স অ্যাসোসিয়েশনের (ঢাকাএভ) ২০২০-২০২১ মেয়াদের নির্বাহী পরিষদে যুগ্ম-সাধারণ সম্পাদক এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের পদে থেকে প্রশাসনের ভেতরে শক্তিশালী প্রভাব বলয় তৈরি করেন এই কর্মকর্তা।
সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুল ইসলাম প্রিন্সের বিতর্কিত কর্মকাণ্ডের ইতিহাস বেশ দীর্ঘ। ২০১৮ সালের ২১ সেপ্টেম্বর বিকেলে চট্টগ্রামের রাউজানে সালাউদ্দিন কাদের চৌধুরীর পারিবারিক কবরস্থানে তার কবরের নামফলক ভাঙচুরের ঘটনায় তৎকালীন ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ঠিক পাশেই থেকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। সে সময় গোলাম রাব্বানীর পোস্ট করা ভিডিওতে বিষয়টি স্পষ্ট দেখা যায়। বিগত শাসনামলে তিনি পলাতক সাবেক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, শাজাহান খান, গফরগাঁওয়ের পলাতক সাবেক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেল এবং প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের অত্যন্ত আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এনবিআরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের পলাতক শীর্ষ নেতা সাইফুর রহমান সোহাগ, এস এম জাকির হোসাইন, গোলাম রাব্বানী এবং পলাতক সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের সাথে মাহবুবুল ইসলাম প্রিন্সের নিয়মিত গোপন যোগাযোগ রয়েছে।
অভিযোগ উঠেছে, বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিটে দায়িত্ব পালন করে তিনি বিপুল অর্থ উপার্জন করছেন এবং সেই অর্থ গোপনে পলাতক নেতাদের কাছে পাচার করছেন, যা দেশের চলমান অস্থিতিশীলতা তৈরির কাজে ব্যবহৃত হচ্ছে বলে আশঙ্কা করা হচ্ছে। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা পতিত সরকারের এসব দোসর বর্তমান বিএনপি সরকার এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরাপত্তার জন্যও বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।
এনবিআরের অভ্যন্তরীণ সূত্রগুলোর দাবি, কাস্টমস হাউস, ঢাকার বর্তমান কমিশনার মুহম্মদ রইচ উদ্দিন খানের সরাসরি পৃষ্ঠপোষকতা ও বিশেষ আশীর্বাদেই সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুল ইসলাম প্রিন্স বিমানবন্দরের এই গুরুত্বপূর্ণ চেয়ারটি আঁকড়ে ধরে আছেন। কমিশনারের ছত্রছায়ায় থাকার কারণে দপ্তরের কেউ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছেন না।
অন্যদিকে, কমিশনার মুহম্মদ রইচ উদ্দিন খানের বিরুদ্ধেও রয়েছে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। সংশ্লিষ্ট সূত্র মতে, তিনি ডেপুটি কমিশনার আমিনুল ইসলাম ও ডেপুটি কমিশনার সাইফুর রহমানের মাধ্যমে কাস্টমস হাউসের বিভিন্ন অনিয়ম পরিচালনা করে থাকেন। এর আগে গত বাজেটের সময় কাস্টমসের প্রথম সচিব (পলিসি) পদে থাকাকালীন আমদানি ও রপ্তানি পণ্যের ওপর শুল্কহার (Customs Duty), ভ্যাট, রেগুলেটরি ডিউটি (RD), সম্পূরক শুল্ক (SD) হ্রাস-বৃদ্ধি, শুল্ক অব্যাহতি এবং বন্ড বা ওয়্যারহাউজ সুবিধাসংক্রান্ত বিধিবদ্ধ আদেশ বা এসআরও (SRO) সংশোধন করে তিনি মোটা অঙ্কের অবৈধ অর্থ উপার্জন করেছেন বলে অভিযোগ রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে কাস্টমস হাউস, ঢাকার কমিশনার মুহম্মদ রইচ উদ্দিন খান এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুল ইসলাম প্রিন্সের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো সদুত্তর বা আনুষ্ঠানিক বক্তব্য প্রদান করেননি। পরবর্তীতে কমিশনারের স্টাফ অফিসার পরিচয় দিয়ে মেহেদী হাসান নামের একজন রাজস্ব কর্মকর্তা (প্রিভেনটিভ) জানান, এই পদায়ন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মাধ্যমে হয়েছে এবং এতে কাস্টমস হাউস কর্তৃপক্ষের কোনো হাত নেই।
এদিকে, জাতীয় অর্থনীতি ও দেশের সার্বিক নিরাপত্তার স্বার্থে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ফ্রেইট ইউনিট ও কার্গো ভিলেজে সক্রিয় এই সিন্ডিকেটের কার্যক্রম বন্ধ করা অত্যন্ত জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কমিশনার মুহম্মদ রইচ উদ্দিন খানের পৃষ্ঠপোষকতায় সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুবুল ইসলাম প্রিন্সের বিরুদ্ধে ওঠা এসব সুনির্দিষ্ট কাস্টমস জালিয়াতি, শুল্ক ফাঁকি ও চোরাচালান সহায়তার অভিযোগ উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত সংস্থার মাধ্যমে খতিয়ে দেখে অবিলম্বে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সচেতন মহল ও দেশবাসী।