নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ এবার রাজধানীর মতিঝিল এলাকা থেকে গোপালগঞ্জের সাবেক তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
তাঁদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এম মনির আহমেদ (ননী), গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে)।
গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ তাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে গোপালগঞ্জে একাধিক মামলা রয়েছে।
জানা গেছে, গ্রেপ্তার তিনজনই গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তাঁদের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গেও সম্পৃক্ততা ছিল। গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।