মোঃ বাহার মিয়া, ভালুকা, ময়মনসিংহঃ হবিরবাড়ীতে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হওয়া শহীদ আরাফাত রহমান কোকো লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট (২০২৬ খ্রি.) এর ৩য় আসর ৬ নভেম্বর শুক্রবার বিকেলে হবিরবাড়ী স্পোর্টস একাডেমির আয়োজনে হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জমজমাট খেলায় অংশ নেয় কাশর ফুটবল একাদশ বনাম আমতলী ক্রীড়াচক্র।
অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ও রোমাঞ্চকর ম্যাচে আমতলী ক্রীড়াচক্র ৪-৩ গোলে কাশর ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। দুই দলের চমৎকার নৈপুণ্য ও আক্রমণাত্মক খেলা মাঠে উপস্থিত দর্শকদের দারুণভাবে বিমোহিত করে।
হবিরবাড়ী স্পোর্টস একাডেমির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম খান বাসানের সভাপতিত্বে টুর্নামেন্টের উদ্বোধন করেন ভালুকা উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মো. তাজমুল হক মন্ডল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা বিএনপির সদস্য, সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও ৫ নম্বর বিরুনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরকার রিপন। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর হবিরবাড়ী ইউনিয়ন যুবদলনেতা মো. সজিব মিয়া।
আয়োজকরা জানান, এলাকার তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করতে এবং শহীদ আরাফাত রহমান কোকোর স্মৃতিকে প্রজন্ম থেকে প্রজন্মে টিকিয়ে রাখতেই প্রতিবছর এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। এবারের আসরে আশপাশের অত্যন্ত শক্তিশালী দলগুলো অংশ নিচ্ছে। টুর্নামেন্টটি সফল ও সুন্দরভাবে সম্পন্ন করতে আয়োজক কমিটির পক্ষ থেকে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।