নিজস্ব প্রতিবেদকঃ আলীরটেক ইউনিয়নের তৈলক্ষীরা-গঞ্জকুমারিয়া কবরস্থানের অর্থ আত্মসাতের অভিযোগে অভিযুক্ত সাবেক সভাপতি ও স্থানীয় আওয়ামী লীগ নেতা হাজী ওসমান গণির নিকট আত্মসাৎকৃত অর্থের সুষ্ঠু হিসাব চেয়ে মানববন্ধন করেছেন স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার বিকাল ৪টায় গঞ্জকুমারিয়া বাজারে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় বক্তারা অভিযোগ করেন, কবরস্থানের উন্নয়ন, সংস্কার ও রক্ষণাবেক্ষণের জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসীর কাছ থেকে সংগৃহীত অর্থের একটি বড় অংশ যথাযথভাবে ব্যয় না করে আত্মসাৎ করা হয়েছে। এর ফলে কবরস্থানের উন্নয়ন কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
মানববন্ধনে বক্তব্য দিতে গিয়ে একাধিক এলাকাবাসী বলেন, আমরা নিয়মিত কবরস্থানের জন্য অনুদান দিয়ে আসছি। কিন্তু বাস্তবে কোনো দৃশ্যমান উন্নয়ন নেই। এতে করে আমাদের মধ্যে সন্দেহ তৈরি হয়েছে—সংগৃহীত অর্থ কোথায় গেল, তার সঠিক হিসাব আমরা জানতে চাই।
আরেকজন বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, কবরস্থান একটি পবিত্র স্থান। এখানকার অর্থ আত্মসাৎ করা শুধু অনৈতিক নয়, এটি সামাজিকভাবে নিন্দনীয় অপরাধ। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
বক্তারা আরও বলেন, দ্রুত সময়ের মধ্যে আত্মসাৎকৃত অর্থের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকাবাসী কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন হাজী নুর হোসেন, আয়নাল হাজী, আলাল মাদবর, মোবারক, মোক্তার, সানাউল্লাহ চৌধুরী, গিয়াস উদ্দিন, লিটন, হাসান আলী, রফিক, মিলন, আনোয়ার হোসেন, মোঃ ইসলাম মিয়া, আলীরটেক ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ সোহেল মিয়া, আব্দুল্লাহপুর মাদ্রাসার শিক্ষার্থীসহ স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধন শেষে এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে কবরস্থানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান।