নিজস্ব প্রতিবেদক, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান লিটনের বিরুদ্ধে বিভিন্ন অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য এবং মনগড়া সংবাদ প্রকাশের অভিযোগ উঠেছে। একটি কুচক্রী মহলের ইন্ধনে কতিপয় সাংবাদিক তাকে বিভ্রান্ত ও হেয় প্রতিপন্ন করতে এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন বলে তিনি দাবি করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার সংবাদ সংগ্রহ ও ভিডিও ধারণকে কেন্দ্র করে হাসপাতাল প্রাঙ্গণে ডা. আশরাফুজ্জামান লিটনের সাথে জনৈক সাংবাদিকের কথা কাটাকাটি হয়। পরবর্তীতে গোপনে ধারণকৃত ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলে বিষয়টি নিয়ে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ভিডিওতে ওই সাংবাদিককে প্রশ্ন করতে শোনা যায়—অফিস চলাকালীন সময়ে হাসপাতালের চালককে দিয়ে ব্যক্তিগত গাড়ি চালিয়ে তিনি কেন হাসপাতাল ত্যাগ করছেন?
উত্থাপিত এসব অভিযোগের বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করে ডা. আশরাফুজ্জামান লিটন বলেন, "সরকারি নিয়ম অনুযায়ী চিকিৎসকদের দাপ্তরিক সময় সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত। অথচ ওই সাংবাদিক নিজেই উল্লেখ করেছেন যে আমি দুপুর ২টা ৩৫ মিনিটে হাসপাতাল ত্যাগ করছিলাম, যা অফিস সময়ের পরে। এছাড়া গাড়িটি আমার ব্যক্তিগত নয় এবং যিনি গাড়ি চালাচ্ছিলেন তিনিও হাসপাতালের সরকারি চালক নন।
গাড়িচালকের পরিচয় স্পষ্ট করে তিনি আরও জানান, ওই চালক একটি প্রকল্পের অধীনে নিয়োগপ্রাপ্ত ছিলেন, যার মেয়াদ দুই বছর আগেই শেষ হয়ে গেছে। নতুন করে প্রকল্পের মেয়াদ বৃদ্ধি না হওয়ায় মানবিক কারণে তার ও তার পরিবারের পাশে দাঁড়াতে হয়।
দায়িত্ব গ্রহণের পর থেকে হাসপাতালের সেবার মান বৃদ্ধি পেয়েছে দাবি করে এই কর্মকর্তা বলেন, তিনি সকল কর্মকর্তা-কর্মচারীকে সঠিক সময়ে কর্মস্থলে উপস্থিত হওয়া ও সরকারি বিধি মেনে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন এবং নিজেও নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। কিন্তু একটি মহল
উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ভুঁইফোড় অনলাইন পেজ খুলে তার বিরুদ্ধে লাগাতার মিথ্যা তথ্য ছড়াচ্ছে।
সাংবাদিকতাকে 'সমাজের দর্পণ' হিসেবে উল্লেখ করে ডা. লিটন প্রকৃত ঘটনা যাচাই-বাছাই করে বস্তুনিষ্ঠ ও সত্য সংবাদ প্রকাশের জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।