

তানিয়া আক্তার, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচরে ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন (ডি.কে.জি) কর্তৃক আয়োজিত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা–২০২৫।
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত দুই শিফটে খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—নতুন কুঁড়ি বিদ্যানিকেতন, এ. কে. মেমোরিয়াল স্কুল, হাসিনা প্রি-ক্যাডেট একাডেমি, অ্যাডভান্সড ন্যাশনাল স্কুল, চাইল্ড ফেয়ার প্রি-ক্যাডেট একাডেমি, বিক্রমপুর এ.জি.এম, পরিভানু কিন্ডারগার্টেন, ইউনিক স্কুল, হাজী আহমদ আলী আহমদিয়া কিন্ডারগার্টেন, কানাইনগর প্রি-ক্যাডেট একাডেমি, মাতৃছায়া আদর্শ কিন্ডার গার্টেন ও মাতৃছায়া স্কুল।
নার্সারি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত মোট ১২টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪১২ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করেন।
পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শন করেন ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি জি. এইচ. ফারুক, সহসভাপতি এম. এ. বাসার এবং মহাসচিব মো. মজিবুর রহমান। ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সদস্য মোঃ আনোয়ার হোসেন,
এ সময় ডি.কে.জি’র পরীক্ষা পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, পরিচালক ও প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
কেন্দ্র পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আলী আশরাফ, ডি.কে.জি মুন্সীগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি মো. গোলাম হোসেন ও সহ-আঞ্চলিক প্রতিনিধি মো. ইব্রাহিম হোসেন।
ডি.কে.জি সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের মেধা বিকাশ, প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ঢাকা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন প্রতিবছর নিয়মিতভাবে এ বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে।
পরীক্ষা শেষে অভিভাবকদের সঙ্গে কথা বললে তারা জানান, ডি.কে.জি বৃত্তি পরীক্ষায় সন্তানদের অংশগ্রহণ করতে পেরে তারা অত্যন্ত সন্তুষ্ট ও আনন্দিত। এ পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে প্রতিযোগিতার সুযোগ পাচ্ছে, যা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি ও মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এতে শিক্ষার্থীদের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। এজন্য অভিভাবকরা ডি.কে.জি কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আপনার মতামত লিখুন :