• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

গোপালগঞ্জে রাতের আঁধারে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরি, চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে


প্রকাশের সময় : মার্চ ১৩, ২০২৬, ৭:৫৬ অপরাহ্ন / ১৫৩
গোপালগঞ্জে রাতের আঁধারে বিষ প্রয়োগে মাছের ঘের থেকে লক্ষাধিক টাকার মাছ চুরি, চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ গোপালগঞ্জে রাতের আঁধারে বিষ প্রয়োগে একটি মাছের ঘের থেকে প্রায় লক্ষাধিক টাকার চিংড়ি ও দেশীয় প্রজাতির সাদা মাছ চুরি করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে অজ্ঞাত চোর চক্রের বিরুদ্ধে।

গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চরপাড়া গ্রামে ৩৫ শতক জায়গা নিয়ে গঠিত সাগর মীরের ঘের থেকে গত বুধবার (১১ মার্চ) রাতের যেকোনো সময়ে মাছ চুরির এ ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মাছ চুরির ঘটনাটি প্রথমে জানতে না পারলেও সাগর মীরের মা হালিমা বেগম (৫০) পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে যখন মাছের খাবার দিতে ঘেরের পাড়ে আসেন তখন তিনি অল্প সংখ্যক ছোট ও মাঝারি আকৃতির মরা মাছ ভাসতে দেখে নিশ্চিত হন যে তাদের ঘেরের মাছ চুরি হয়ে গেছে।

এই ঘটনায় ঢাকায় বসবাসরত ভুক্তভোগী সাগর মীরের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, আমি ঢাকায় ছোট্ট একটি চাকুরী করে পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে জীবন জীবিকা নির্বাহ করে চলেছি। পরে সংসারের অভাব অনটন ঘোচাতে ধার-দেনা করে অল্প কিছু জায়গা কিনে ঘের করে গলদা চিংড়ি মাছ ও সাদা মাছের চাষ করি এই লক্ষ্যে যে, সেখান থেকে আমিষের ঘাটতি পূরণ হওয়ার পরেও অতিরিক্ত মাছ বাজারে বিক্রি করে সংসারের কিছুটা অভাব-অনটন লাঘব হবে। কিন্তু কে জানতো যে, অজ্ঞাত চোর চক্র আমার এত বড় ক্ষতি করবে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছি যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমাদের রঘুনাথপুর ইউনিয়নে আর না ঘটে।

পরে মাছ চুরির এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ঘের মালিক সাগর মীরের মা শুক্রবার (১৩ মার্চ) ঞগোপালগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।