• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন

খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন


প্রকাশের সময় : মার্চ ২৬, ২০২৬, ৫:৪৬ অপরাহ্ন / ১১৬
খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

এম রোমানিয়া, খুলনাঃ খুলনায় যথাযোগ্য মর্যাদা ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে খুলনার গল্লামারী শহিদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

প্রথমে পুষ্পমাল্য অর্পণ করেন মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর ইউনিট খুলনা।

এরপর পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার, প্রশাসক খুলনা সিটি কর্পোরেশন, রেঞ্জ ডিআইজি খুলনা, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি খুলনা মহানগর সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল-কলেজের শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন।

এদিকে, প্রত্যুষে খুলনা মেট্রোপলিটন পুলিশ লাইনে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল সাড়ে ৮টায় খুলনা জেলা স্টেডিয়ামে বিভাগীয় কমিশনার আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সেখানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়, যা উপস্থিত দর্শনার্থীদের মুগ্ধ করে।

বেলা সাড়ে ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে তাদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এছাড়া সকাল ৯টায় খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অন্যদিকে, সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত বিআইডব্লিউটিএ রকেট ঘাটে নৌবাহিনীর জাহাজ জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়, যা দেখতে ভিড় জমায় নানা বয়সী মানুষ।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে খুলনার সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধা ও আনন্দঘন পরিবেশে দিবসটি পালন করেন।