

খুলনা ব্যুরোঃ খুলনা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর ও বর্ণাঢ্য পরিবেশে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় পরিবার আনন্দঘন পরিবেশে বরণ করে নেয় বাংলা নতুন বছরকে।
মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের হাদী চত্বরে বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, বাংলা নববর্ষ বাঙালির হাজার বছরের সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মপরিচয়ের এক উজ্জ্বল প্রতীক। নতুন বছরকে বরণ করার এ আয়োজন আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি গভীর ভালোবাসা ও দায়বদ্ধতার বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, প্রতিবছর খুলনা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষকে ঘিরে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। এ দিনে খুলনাসহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষও বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন।
শিক্ষার্থীদের সৃজনশীল কারুকাজ, সাংস্কৃতিক পরিবেশনা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বর্ষবরণের আয়োজনকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে। এ জন্য তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান।
দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ মেলা, পিঠাপুলি উৎসবসহ নানা কর্মসূচি। দিনব্যাপী এসব আয়োজনে মুখরিত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
নববর্ষের এ আনন্দ আয়োজন বিশ্ববিদ্যালয় পরিবার ও আগত দর্শনার্থীদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্যের সঞ্চার করে।
আপনার মতামত লিখুন :