

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জঃ অবকাঠামোগত উন্নয়ন ও গবেষণা সক্ষমতা জোরদারে ২০২৬-২৭ অর্থবছরে দুটি প্রকল্প পেতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। ইতোমধ্যে যা সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরে সরকারের সম্ভাব্য প্রকল্প অনুমোদনের লক্ষ্যে সোমবার পরিকল্পনা কমিশনে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সভায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সম্প্রসারণ ও আধুনিকায়ন এবং একাডেমিক ও গবেষণা সক্ষমতা বৃদ্ধির জন্য উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর জোরালো দাবি উপস্থাপন করেন।
প্রকল্প দুটির মধ্যে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-৮১০৫, ‘সম্প্রসারণ ও আধুনিকায়ন’ প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা” অন্যতম। এ প্রকল্পের প্রাক্কলন ব্যয় ৪ কোটি ৯৮ লক্ষ টাকা। প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে গোবিপ্রবিকে একটি আধুনিক প্রযুক্তিনির্ভর, টেকসই এবং গবেষণামুখী উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তর করার জন্য একাডেমিক মাস্টারপ্ল্যান ও ফিজিক্যাল মাস্টারপ্ল্যান প্রণয়ন হবে। এগুলো বাস্তবায়ন করতে ১২০০ কোটি টাকার প্রকল্প এডিবি থেকে সংস্থান করা হবে।
এছাড়া আরেকটি প্রকল্পে গ্রন্থাগার, গবেষণাগার, বৈজ্ঞানিক যন্ত্রপাতি, বৈদ্যুতিক উপকেন্দ্র, লিফট ও আনুষঙ্গিক সুবিধাসমূহ সম্প্রসারণের মাধ্যমে একাডেমিক ও গবেষণা সক্ষমতা শক্তিশালী করা হবে। এ প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ৭০ লক্ষ টাকা।
এসব প্রকল্পের পক্ষে আন্তঃমন্ত্রণালয় প্রোগ্রামিং কমিটির সভায় প্রয়োজনীয় যুক্তি উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের প্রকল্প, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়া। উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর ও তার ঐকান্তিক প্রচেষ্টায় প্রকল্প দুটি এডিপির সবুজ পাতায় অন্তর্ভুক্ত হয়েছে।
আপনার মতামত লিখুন :