• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

ওসি পদায়নে ঢাকা রেঞ্জ ডিআইজির নামে দালালচক্রের প্রতারণা : মিডিয়া সেলের সতর্ক বার্তা


প্রকাশের সময় : এপ্রিল ১০, ২০২৬, ৩:৩০ অপরাহ্ন / ৬১
ওসি পদায়নে ঢাকা রেঞ্জ ডিআইজির নামে দালালচক্রের প্রতারণা : মিডিয়া সেলের সতর্ক বার্তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয় থেকে থানার ওসি পদায়ন করা হয় না। ওসি পদায়নের এখতিয়ার সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের (এসপি) ওপর ন্যস্ত। সম্পূর্ণ পেশাগত মূল্যায়ন, যোগ্যতা ও দক্ষতা বিবেচনার ভিত্তিতেই এ ধরনের পদায়ন সম্পন্ন হয়ে থাকে। দেশের বিভিন্ন থানায় অফিসার ইনচার্জ (ওসি) পদায়নে প্রতারণামূলক কর্মকাণ্ড চলছে উল্লেখ করে এ বিষয়ে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশের ঢাকা রেঞ্জ। শুক্রবার (১০ এপ্রিল) ঢাকা রেঞ্জের মিডিয়া সেল থেকে পাঠানো এ সংক্রান্ত এক বার্তায় এ সতর্কতা জারি করা হয়।

ওই বার্তায় বলা হয়, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র ঢাকা রেঞ্জের বিভিন্ন জেলার থানায় অফিসার ইনচার্জ (ওসি) বা ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের নামে প্রতারণামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এই প্রতারক চক্র ঢাকা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম মল্লিকের নাম ব্যবহার করে আর্থিক লেনদেনের প্রলোভন দেখিয়ে বিভিন্ন ব্যক্তিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

সুতরাং ঢাকা রেঞ্জ ডিআইজির নাম ব্যবহার করে অর্থের বিনিময়ে ওসি পদায়নের প্রতিশ্রুতি দেওয়া বা এ ধরনের কোনো প্রলোভন দেখানো সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং প্রতারণামূলক কর্মকাণ্ড, যা ফৌজদারি অপরাধ। এ ধরণের অপরাধমূলক কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি ঢাকা রেঞ্জ ডিআইজির সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করারই অপচেষ্টা।

ঢাকা রেঞ্জ তথা বাংলাদেশ পুলিশ এ ধরনের প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে শূন্য সহনশীলতা বা জিরো টলারেন্স নীতি অনুসরণ করে।

এ প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্র শনাক্ত হওয়া মাত্রই তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি কোনো ব্যক্তি বা চক্র এ ধরনের প্রতারণামূলক প্রস্তাব দেয় বা এ ধরনের তথ্য জানা যায়, তবে অবিলম্বে নিকটস্থ থানা অথবা সংশ্লিষ্ট পুলিশ কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করেছে পুলিশের ঢাকা রেঞ্জ।