• ঢাকা
  • বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন

মুন্সীগঞ্জে বাইটস রেস্টুরেন্টে ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানা


প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৬, ৯:১৫ অপরাহ্ন / ৫৮
মুন্সীগঞ্জে বাইটস রেস্টুরেন্টে ভোক্তা অধিকার অধিদপ্তরের জরিমানা

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জ জেলা সদরের সুপার মার্কেটে অবস্থিত বাইটস রেস্টুরেন্টে ভোক্তার লিখিত অভিযোগের প্রেক্ষিতে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত শুনানির মাধ্যমে এ জরিমানা আরোপ করা হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, রেস্টুরেন্টটি আমদানিকৃত ক্যানজাত পণ্যের নাম ব্যবহার করে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে পণ্য বিক্রি করছিল। এছাড়া পণ্যের গায়ে এমআরপি (Maximum Retail Price) উল্লেখ না থাকা এবং আমদানিসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য অনুপস্থিত থাকা সত্ত্বেও ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য আদায় করা হচ্ছিল, যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

এ ঘটনায় গত ২৭ মার্চ ২০২৬ তারিখে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে মুন্সীগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কার্যালয়ে অধিদপ্তরের জেলা শাখা শুনানির আয়োজন করে।

শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বাইটস রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

মুন্সীগঞ্জ জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-সহকারী পরিচালক মোঃ আসিফ আল আজাদ জানান, ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় অধিদপ্তর নিয়মিতভাবে বাজার তদারকি ও অভিযোগ নিষ্পত্তির কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, পণ্যের সঠিক তথ্য গোপন করা কিংবা নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে বিক্রি করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরও জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং যেকোনো অভিযোগ দ্রুত তদন্তের মাধ্যমে নিষ্পত্তি করা হবে।

অভিযোগকারী ভোক্তা  জানান, তিনি বাইটস রেস্টুরেন্টে খাবার খেতে গিয়ে একটি মিরান্ডা পানীয়ের জন্য ৩০০ টাকা নেওয়া হয়। বিষয়টি জানতে চাইলে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ জানায়, পণ্যটি বিদেশ থেকে আমদানিকৃত। তবে পণ্যে এমআরপি উল্লেখ না থাকায় সন্দেহ হলে তিনি ভোক্তা অধিকার অধিদপ্তরে অভিযোগ দায়ের করেন।