জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ মাগুরার শ্রীপুর উপজেলায় সজিনা গাছের ডাল কাটতে গিয়ে গাছের ওপর অজ্ঞান হয়ে পড়েন রিয়াজ শেখ (২৫)নামের এক যুবক। পরে ফায়ার সার্ভিসের কর্মীদের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়।
সোমবার (২৪ মার্চ) সকালে শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াজ শেখ ওই গ্রামের মো. জলিল শেখের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বাড়ির পাশে থাকা একটি সজিনা গাছে উঠে ডাল কাটছিলেন রিয়াজ। একটি ডাল কাটার পর হঠাৎ করেই তিনি অজ্ঞান হয়ে গাছের ডালের সঙ্গে আটকে যান। বিষয়টি দেখে স্থানীয়রা তাকে নামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন। পরে নিরাপত্তার জন্য তাকে রশি দিয়ে বেঁধে ফায়ার সার্ভিসে খবর দেয়া হয়।
শ্রীপুর ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মনিরুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রিয়াজ শেখকে নিরাপদে গাছ থেকে নামিয়ে আনা হয়।
উদ্ধারের পর তাকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসা শেষে জ্ঞান ফিরলে বাড়িতে পৌঁছে দেয়া হয়। বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন স্বজনরা।