নিজস্ব প্রতিবেদক, কয়রা, খুলনা) সুন্দরবনে বনদস্যু দমনে চলমান অভিযানের অংশ হিসেবে পৃথক দুটি সফল অভিযানে ২ জেলেকে জীবিত উদ্ধার এবং এক কুখ্যাত ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় “অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন” ও “অপারেশন ম্যানগ্রোভ শিল্ড” এর আওতায় এ অভিযান পরিচালিত হয়। এরই ধারাবাহিকতায় ১৬ এপ্রিল বিকালে মোংলা বেইসের একটি দল অভিযান চালিয়ে বড় জাহাঙ্গীর বাহিনীর হাতে জিম্মি থাকা একটি মাছ ধরার নৌকাসহ ২ জেলেকে উদ্ধার করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।
অন্যদিকে, ১৭ এপ্রিল ভোরে শ্যামনগরের হোগলডরা খাল এলাকায় পৃথক অভিযানে দয়াল বাহিনীর এক সক্রিয় সদস্য তরিকুল (৩৫) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২টি একনলা বন্দুক ও ৯ রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়।
আটককৃত ব্যক্তি খুলনার কয়রা উপজেলার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে দস্যু কার্যক্রমে জড়িত ছিল বলে জানায় কোস্ট গার্ড।
উদ্ধারকৃত জেলেদের পরিবারের কাছে হস্তান্তর এবং আটককৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোস্ট গার্ড।