এম, এম, সাইফুর রহমান, চরভদ্রাসন, ফরিদপুরঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার ম্যাজিস্ট্রেট বাড়ি বাজারে চরভদ্রাসন থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা উন্নয়নে এক গুরুত্বপূর্ণ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল ) বিকেল ৫ টায় আয়োজিত এ বৈঠকে মাদক নির্মূল, ইভটিজিং প্রতিরোধ, বাল্যবিবাহ রোধ এবং ডিজিটাল অপরাধ প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন। সঞ্চালনায় ছিলেন এসআই কাজী রিপন হোসেন।
উক্ত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন আহবায়ক উপজেলা বিএনপি প্রস্তুত কমিটি অহিদুজ্জামান মোল্যা, সদস্য সচিব উপজেলা বিএনপি প্রস্তুত কমিটি আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য উপজেলা প্রস্তুত কমিটি বিএনপি গোলাম মোস্তফা, যুবদলের সভাপতি মোজাফ্ফর হোসেন সহ এলাকাবাসী এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া বৈঠকে উপস্থিত ছিলেন চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার রফিকুজ্জামান, কনস্টেবল সবুজ লস্কর, স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূলে সবচেয়ে বেশি প্রয়োজন ইতিবাচক মনোভাব ও সচেতনতা। তিনি মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ এবং ডিজিটাল অপরাধের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
তিনি আরও বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী একা কখনোই সব সমস্যার সমাধান করতে পারে না। জনগণের সহযোগিতা ও সচেতন অংশ গ্রহণই পারে একটি নিরাপদ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তুলতে।
বৈঠক শেষে উপস্থিত সবার মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি ভবিষ্যতেও এ ধরনের উঠান বৈঠক অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।