মোঃ তরিকুল ইসলাম, ঢাকাঃ সরকারের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান পদত্যাগ করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে তার পদত্যাগপত্র জমা দেন। এর আগে গত সপ্তাহে তিনি প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেন।
এর আগে গত ৫ নভেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছিলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী হিসেবে ঝিনাইদহ-১ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং নির্বাচনে অংশ নিতে হলে তিনি পদত্যাগ করবেন।
পদত্যাগের বিষয়ে জানতে অ্যাডভোকেট আসাদুজ্জামানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল ইসলাম সুমন জানান, অ্যাটর্নি জেনারেল ইতোমধ্যে পদত্যাগপত্র জমা দিয়েছেন। খুব শিগগিরই তা রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কারণেই অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন।