খুলনা ব্যুরোঃ খুলনা মহানগরীতে শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজ হিসেবে পরিচিত মোঃ সুজন সরকার (২৮)কে অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে র্যাব-৬।
র্যাব জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আড়ংঘাটা থানার শলুয়া বাজার ঘোনারদাড়া রোডের বাসিন্দা সুজন সরকারকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত সাড়ে ১১টার দিকে র্যাব সদস্যরা তাকে সঙ্গে নিয়ে তার নিজ বসতবাড়িতে আরেকটি অভিযান চালায়। এ সময় সেখান থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব সূত্র আরও জানায়, সুজন সরকার দীর্ঘদিন ধরে খুলনা মহানগরীর বিভিন্ন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি ও অবৈধ দখল বাণিজ্যের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে আড়ংঘাটা থানাসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃত আসামিকে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
র্যাব জানিয়েছে, নগরীতে সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।