• ঢাকা
  • মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই : পানি সম্পদ মন্ত্রী


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২১, ২০২৬, ৮:৪৪ পূর্বাহ্ন / ৮৭
সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই : পানি সম্পদ মন্ত্রী

এ.কে আজাদ, লক্ষ্মীপুরঃ সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, সরকার এ বিষয়ে সর্বোচ্চ সতর্ক রয়েছে এবং জনগণের চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর সার্কিট হাউস-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে সড়কে চাঁদাবাজি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, লক্ষ্মীপুরের দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যা নিরসনে ইতোমধ্যে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের আওতায় ভুলুয়া নদী খনন ও রহমতখালী খাল পুনঃখনন প্রকল্প হাতে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে লক্ষ্মীপুরবাসী দীর্ঘদিনের জলাবদ্ধতার দুর্ভোগ থেকে মুক্তি পাবে

তিনি আরও বলেন, পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণের বিষয়ে সরকার আন্তরিক। মেঘনা নদী ও রহমতখালী খালের তীরবর্তী এলাকায় ভাঙন সমস্যা সমাধানে সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) করা হচ্ছে। দেশব্যাপী খাল খননের জন্য ১৮০ দিনের একটি কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং খুব শিগগিরই এ কর্মসূচি বাস্তবায়ন শুরু হবে। এ কর্মসূচির আওতায় লক্ষ্মীপুরও অন্তর্ভুক্ত থাকবে।

উল্লেখ্য, তিন দিনের সফরে বৃহস্পতিবার রাতে নিজ জেলা লক্ষ্মীপুরে পৌঁছান পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। সফরের অংশ হিসেবে শুক্রবার সকালে তিনি সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় তাকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করা হয়।