• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন

সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার, জিম্মি জেলে মুক্ত ও হরিণের মাংসসহ শিকারি আটক


প্রকাশের সময় : ডিসেম্বর ৮, ২০২৫, ১০:২৭ অপরাহ্ন / ১১৯
সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র উদ্ধার, জিম্মি জেলে মুক্ত ও হরিণের মাংসসহ শিকারি আটক

নিজস্ব প্রতিবেদক, কয়রা, খুলনাঃ সুন্দরবনের কয়রায় কোস্ট গার্ডের দুটি পৃথক অভিযানে অস্ত্র–গোলাবারুদ উদ্ধার, ডাকাতদের হাতে জিম্মি থাকা চার জেলে মুক্ত এবং হরিণের মাংসসহ চার শিকারিকে আটক করা হয়েছে। সোমবার (৮ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ৭ ডিসেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রা নাগজোড়া খাল এলাকায় বিশেষ অভিযান চালায়। এসময় দুলাভাই বাহিনীর জিম্মি থাকা চার জেলেকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে একটি একনলা বন্দুক, একটি তাজা কার্তুজ ও একটি ফাঁকা কার্তুজ জব্দ করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।

উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জব্দকৃত অস্ত্রের বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলছে।

অপর একটি অভিযানে সোমবার মধ্যরাতে ময়দাপেশা খাল এলাকায় তল্লাশিতে ৭২ কেজি হরিণের মাংস, দুটি মাথা, ৩০০ মিটার ফাঁদসহ চার হরিণ শিকারিকে আটক করে কোস্ট গার্ড। জব্দকৃত মালামাল ও আটক ব্যক্তিদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, সুন্দরবনকে দস্যুমুক্ত রাখা এবং বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।