• ঢাকা
  • শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

সাভারে সেনাবাহিনীর অভিযানে ছিনতাই ও ৪ মাদক চক্র আটক


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ২৫, ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন / ৪৭
সাভারে সেনাবাহিনীর অভিযানে ছিনতাই ও ৪ মাদক চক্র আটক

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাই ও মাদক চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে চারজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে এ অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, সাভার আর্মি ক্যাম্পের একটি নিয়মিত টহল দল বাসস্ট্যান্ড সড়ক এলাকায় দায়িত্ব পালনকালে কয়েকজন ব্যক্তির সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে। এ সময় দেখা যায়, একদল ব্যক্তি কয়েকজন পথচারীকে ঘিরে ধরার চেষ্টা করছে। পরিস্থিতি বুঝে সেনাসদস্যরা দ্রুত কৌশলগত অবস্থান নিয়ে অভিযান শুরু করেন।

অভিযানের একপর্যায়ে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। পরে আশপাশ এলাকায় তাৎক্ষণিক তল্লাশি চালিয়ে আরও দুইজনকে আটক করা হয়। আটককৃতদের দেহ তল্লাশিতে দেশীয় ধারালো অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

আটককৃতরা হলেন-জাহাঙ্গীর আলম (৩৫), রিপন মিয়া (৪০), মো. শাহিন ইসলাম (১৮), মো. রাসেল (১৮)।

সেনাবাহিনী জানায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে ছিনতাই ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তাদের কাছ থেকে ইয়াবা, হেরোইন, গাঁজা, মদ, মাদক বিক্রির নগদ অর্থ এবং মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত আলামত থেকে ধারণা করা হচ্ছে, চক্রটি যে কোনো সময় বড় ধরনের সহিংস ঘটনায় জড়িয়ে পড়তে পারত।

স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক সময়ে বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাই ও মাদকের উৎপাত বেড়ে গিয়েছিল। সেনাবাহিনীর এ অভিযানের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে তারা মন্তব্য করেন।

অভিযান শেষে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সাভার থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, এ বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।