• ঢাকা
  • রবিবার, ১৭ মে ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন

সংবাদ সম্মেলন: প্রবাসীর জমি দখলের অপচেষ্টার অভিযোগ


প্রকাশের সময় : এপ্রিল ১৩, ২০২৬, ৮:৪৩ অপরাহ্ন / ৫৮
সংবাদ সম্মেলন: প্রবাসীর জমি দখলের অপচেষ্টার অভিযোগ

খুলনা ব্যুরোঃ খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইরাক প্রবাসী বনি আমিন তার ক্রয়কৃত জমি দখলের অপচেষ্টার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেছেন। তিনি দাবি করেন, এলাকার চিহ্নিত ভূমিদস্যু নাজিম ও তার সহযোগীরা জাল দলিলের মাধ্যমে তার বৈধ সম্পত্তি দখলের চেষ্টা চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বনি আমিন জানান, প্রবাসে কঠোর পরিশ্রমে উপার্জিত অর্থ দিয়ে তিনি দেশে একটি জমি ক্রয় করেন। জমিটি ক্রয়ের সময় সকল আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয় এবং বর্তমানে জমির রেকর্ড, নামজারি (মিউটেশন) ও খাজনা তার নামেই হালনাগাদ রয়েছে।

তিনি অভিযোগ করেন, নাজিম, হাফিজা সুলতানা, হাবিবা সুলতানা ও খাদিজা সুলতানা—যাদের পিতা এস এম হায়দার আলী—একটি জাল দলিল তৈরি করে তার জমি দখলের পায়তারা করছে। এছাড়া কথিত আর্মি ড্রাইভার আরিফ মঞ্জুর পূর্বে জমিটি দখলের চেষ্টা করলেও পরবর্তীতে নাজিমের সাথে যোগসাজশে উক্ত নারীদের নামে নামমাত্র মূল্যে দলিল সম্পন্ন করে।

বনি আমিন আরও বলেন, আমরা যখনই জমিতে যাই, তখন নাজিম তার পরিবারের সদস্যদের দিয়ে আমাদের ওপর হামলার চেষ্টা চালায় এবং মিথ্যা ধর্ষণ মামলার হুমকি দেয়। এমনকি তার স্ত্রী গাছে উঠে আমাদের জমির সাইনবোর্ড খুলে নিয়ে যায়।

ঘটনার প্রেক্ষাপট তুলে ধরে তিনি জানান, ২০২০ সাল থেকে নাজিম ও তার সহযোগীরা রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমিটি দখলের চেষ্টা চালিয়ে আসছে। বর্তমানে রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হলেও তারা এখনো সক্রিয় রয়েছে এবং নতুন করে প্রভাবশালী মহলের সাথে সম্পর্ক গড়ে তুলে পুনরায় দখলের চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে বনি আমিন প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং তার বৈধ সম্পত্তি রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা চান।