

নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতের ক্ষেত্রে বিআরটিসি বাসে ৫০ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে এ সুবিধা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন বিআরটিসির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম।
তিনি আরো জানান, বিআরটিসির যে কোন টার্মিনাল থেকে সকল শিক্ষার্থী তাদের শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখালে ৫০ শতাংশ ভাড়া মওকুফের সুবিধা পাবেন। দেশের যে কোনো গন্তব্যে আসা-যাওয়ার ক্ষেত্রে বিআরটিসির বাসগুলো এ সুবিধা দেবে। বর্তমানে দেশে ক্রান্তিকাল চলমান থাকায় যাত্রী সংকট চলছে। পাশাপাশি শিক্ষার্থীরা ভাড়া কমানোর দাবি জানিয়ে আসছিলো। তাদের দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এ সুবিধা অনির্দিষ্টকালের জন্য চলবে।
এছাড়াও বিআরটিসি বাসে ৫০ শতাংশ কম ভাড়ায় যাতায়াত করতে পারবেন বরিশালের সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৫ আগস্ট) থেকে এ সুবিধা কার্যকর করা হয়েছে বলে জানিয়েছেন বিআরটিসির বরিশাল ডিপো ম্যানেজার জামিল হোসেন।
তিনি বলেন, বরিশাল বিআরটিসি টার্মিনাল থেকে সকল শিক্ষার্থী আইডি কার্ড দেখালে ৫০ শতাংশ ভাড়া মওকুফের সুবিধা পাবেন। বরিশাল থেকে দেশের যে কোনো গন্তব্যে আসা-যাওয়ার ক্ষেত্রে বরিশাল ডিপোর বাসগুলো এ সুবিধা দেবে। বর্তমানে দেশে ক্রান্তিকাল চলমান থাকায় যাত্রী সংকট চলছে। পাশাপাশি শিক্ষার্থীরা ভাড়া কমানোর দাবি জানিয়েছেন। দাবির প্রেক্ষিতে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ এ সুবিধা অনির্দিষ্টকালের জন্য চলবে। এর আগের দিন (বুধবার) ডিপো ম্যানেজারের সঙ্গে বৈঠক করে এই দাবি তোলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সুজয় শুভ বলেন, বরিশাল বিআরটিসির বাস ডিপো ম্যানেজারের আহ্বানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি তুলে ধরা হয়। এ সময় যাত্রী হয়রানি বন্ধ করে সেবার মান আরও বৃদ্ধিসহ শিক্ষার্থীদের ভাড়ার কিছু অংশ মওকুফের দাবি করি। বিআরটিসি কর্তৃপক্ষ আমাদের দাবি মেনে নিয়ে চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে শিক্ষার্থীদের সহযোগিতা প্রত্যাশা করেন।
আপনার মতামত লিখুন :