• ঢাকা
  • শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন

রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রুটে বিআরটিসি বাস চালু


প্রকাশের সময় : জানুয়ারী ২৮, ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন / ১৭৮
রেলের বিকল্প হিসেবে গুরুত্বপূর্ণ রুটে বিআরটিসি বাস চালু

নিজস্ব প্রতিবেদক, ঢাকাঃ রেল যোগাযোগ বন্ধ থাকায় রেলের বিকল্প হিসেবে যাত্রী পরিবহনের জন্য সারাদেশে বিআরটিসি বাস সার্ভিস চালু করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির পরিপ্রেক্ষিতে সারাদেশে রেল যোগাযোগে বিঘ্ন ঘটছে। এর পরিপ্রেক্ষিতে রেলের বিকল্প হিসাবে গুরুত্বপূর্ণ রেল রুট গুলোতে যাত্রী পরিবহনের জন্য বিআরটিসি বাস সার্ভিস চালু করা হয়েছে।

আরও জানানো হয়, ঢাকা রেলওয়ে স্টেশন ও বিমান বন্দর রেলওয়ে স্টেশন থেকে চট্রগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা, কুমিল্লা, বগুড়া ও ময়মনসিংহগামী যাত্রীগণ তাদের ক্রয়কৃত রেল টিকিটের মাধ্যমে এই ভ্রমণ করতে পারবেন। একইভাবে এ সকল স্থান থেকে ঢাকায় এই সার্ভিসের মাধ্যমে আসতেও পারবেন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ বাস সার্ভিস চালু থাকবে।

এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ (গার্ড, লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার, টিটিই) কর্মচারী ইউনিয়ন। এতে বন্ধ রয়েছে সারাদেশে রেল চলাচল।

মঙ্গলবার রাত ১২টার পর থেকে শুরু হয় এ কর্মবিরতি। বেতন ভাতা সংক্রান্ত জটিলতা নিরসন না হওয়ায় তারা এই কর্মসূচি পালন করছেন।