

রুবেল মাদবর, মুন্সীগঞ্জঃ মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রিকাবীবাজার উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী উৎসব বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় নগর কসবা স্পোর্টিং ক্লাব মাঠে দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালুকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক বাবু সুশান্ত কুমার তালুকদার, কমলাঘাট বন্দরের আমেনা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আল আমিন। মিরকাদিম পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ মরতুজ আলী হীরা, রিকাবী বাজার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ ইসমাইল হোসেন রাহাত, সমাজ সেবক মোঃ বসির আহম্মেদ, সমাজ সেবক মোঃ সেন্টু মিয়া, সাংবাদিক রুবেল মাদবর, সমাজ সেবক মোঃ সেন্টু মিয়া, অভিবাবক সদস্য মোঃ মুরাদ হোসেন, রিকাবী বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হৃদয় কৃষ্ণ মন্ডলের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার্থীদের খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় আরও সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তারা বলেন, পড়ালেখার পাশাপাশি ক্রীড়া ও সংস্কৃতি শিক্ষার্থীদের মানসিক বিকাশ, নেতৃত্বগুণ ও শৃঙ্খলা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠান সফলভাবে আয়োজনের জন্য আয়োজক কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ ফজলুল হক সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। উৎসব ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় ছিল আনন্দঘন পরিবেশ, যা শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে বাড়তি উৎসাহ যোগায়।
আপনার মতামত লিখুন :