• ঢাকা
  • শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

রাত পোহালেই ভোট : গোপালগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন


প্রকাশের সময় : ফেব্রুয়ারী ১১, ২০২৬, ৬:১৮ অপরাহ্ন / ৬৮
রাত পোহালেই ভোট : গোপালগঞ্জে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জঃ রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অনুষ্ঠিত হতে চলেছে। ইতোমধ্যেই গোপালগঞ্জ জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান -এর বলিষ্ঠ নেতৃত্বে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু ভোট গ্রহণের জন্য সার্বিক প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন।

সকাল থেকেই জেলার তিনটি নির্বাচনী আসন ২১৫ গোপালগঞ্জ-১, ২১৬ গোপালগঞ্জ -২ ও ২১৭ গোপালগঞ্জ-৩ -এর প্রত্যেকটি ভোট কেন্দ্রে নির্বাচন সংশ্লিষ্ট সকল সামগ্রী বিতরণ সম্পন্ন হয়েছে। জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ ও র‍্যাব), সেনাবাহিনী, বিজিবি, আনসার ও ব্যাটালিয়ন সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা নির্বাচনকে কেন্দ্র করে তৎপরতা বৃদ্ধি করেছে। এছাড়াও নির্বাচনী আচরণ বিধি প্রতিপালনে ভ্রাম্যমান আদালতের একাধিক টিম মাঠে কাজ করছে।

জেলা প্রশাসন, গোপালগঞ্জ এবং যৌথবাহিনী সমন্বয় সেলের মাধ্যমে জানা যায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গোপালগঞ্জ জেলায় নির্বাচনী সকল কার্যক্রম সম্পূর্ণ নিয়ন্ত্রণে, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরিচালিত হচ্ছে। জেলার পাঁচটি উপজেলায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‍্যাবের সমন্বিত ও স্তরভিত্তিক নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে নির্বাচনী সামগ্রী নিরাপদে স্ব-স্ব ভোটকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে।

এ পর্যন্ত উল্লেখযোগ্য সংখ্যক ভোটকেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ দায়িত্ব গ্রহণ করে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছেন। ব্যালট পেপার, ব্যালট বাক্স, সিল, স্ট্যাম্পসহ সকল নির্বাচন সামগ্রী সর্বোচ্চ নিরাপত্তা ও তত্ত্বাবধানে সুরক্ষিতভাবে বিতরণ নিশ্চিত করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি নিবিড় মনিটরিংয়ের আওতায় রয়েছে।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন। সম্ভাব্য সংবেদনশীল এলাকা পূর্বেই চিহ্নিত করে সেখানে অতিরিক্ত ও কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ড্রোন পরিচালনার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

জেলা প্রশাসন ও যৌথবাহিনী দৃঢ়ভাবে আশ্বস্ত করছে গোপালগঞ্জে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় কোনো ধরনের শৈথিল্য বা অনিয়ম বরদাস্ত করা হবে না। যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুত ও সতর্ক অবস্থানে রয়েছে।

গোপালগঞ্জের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান—শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন, আত্মবিশ্বাসের সাথে ভোটাধিকার প্রয়োগ করুন এবং নির্বাচনী প্রক্রিয়ায় সক্রিয় সহযোগিতা করুন। সকলের সম্মিলিত অংশগ্রহণেই একটি নিরাপদ, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন সফলভাবে সম্পন্ন হবে—এই বিষয়ে আমরা দৃঢ়ভাবে প্রত্যয়ী।