• ঢাকা
  • শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

রাজধানী কমলাপুরে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার


প্রকাশের সময় : ডিসেম্বর ১০, ২০২২, ১২:১২ অপরাহ্ন / ১২০
রাজধানী কমলাপুরে আবাসিক হোটেল থেকে মরদেহ উদ্ধার

মোঃ রাসেল সরকার,ঢাকাঃ রাজধানী মতিঝিলের কমলাপুরের একটি আবাসিক হোটেল থেকে মোঃ সিদ্দিকুর রহমান (৫০) নামে এক হকারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৯ ডিসেম্বর) রাতের দিকে এই দুর্ঘটনা ঘটে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ২টার দিকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে রাত সাড়ে ১২টার দিকে মতিঝিল কমলাপুরের আল-ইনসাফ আবাসিক হোটেলের চারতালার একটি রুমের দরজা ভেঙে তাকে উদ্ধার করি। পরে অচেতন অবস্থায় রাত সোয়া ২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি জানান, আমরা ওই হোটেলের রেজিস্ট্রি খাতা থেকে জানতে পারি নিহত ব্যক্তি গত ৭ তারিখে ওঠেন। সিসি ফুটেজ দেখে জানা যায় তিনি বিবস্ত্র অবস্থায় ছিলেন। মৃত্যুর বিষয়টি বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাগিনা ফয়েজ জানান, আমার মামা মতিঝিলের কমলাপুরে হকারি করতেন। অনেক দিন ধরেই গ্রামের বাড়িতে যেতেন না। হোটেলের সিসি ফুটেজ দেখে জানতে পারি মামা বিবস্ত্র অবস্থায় ওই রুমে পড়েছিল। পরে পুলিশকে খবর দিলে দরজা ভেঙে উদ্ধার করে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।