• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

রমজানে বাজার নিয়ন্ত্রণে মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান : সীমাখালিতে ৫০ হাজার টাকা জরিমানা


প্রকাশের সময় : মার্চ ১৪, ২০২৬, ৭:৩৩ অপরাহ্ন / ৭৪
রমজানে বাজার নিয়ন্ত্রণে মাগুরায় ভোক্তা অধিকারের অভিযান : সীমাখালিতে ৫০ হাজার টাকা জরিমানা

জিল্লুর রহমান সাগর, মাগুরাঃ পবিত্র রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক ও মূল্য স্থিতিশীল রাখতে মাগুরার শালিখা উপজেলার সীমাখালি বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার বেলা ১১:৩০টা থেকে দুপুর ২:০০টা পর্যন্ত পরিচালিত এই অভিযানে বড় ধরনের অনিয়মের দায়ে এক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা গেছে, সীমাখালি বাজারের মেসার্স আলিম স্টোর নামক একটি জ্বালানি তেলের ডিলার ও মুদি দোকানে তল্লাশি চালিয়ে একাধিক অপরাধের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি নিত্যপ্রয়োজনীয় পণ্য ও জ্বালানি তেলের মূল্যতালিকা প্রদর্শন করেনি এবং যথাযথ ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ করেনি। বিশেষ করে, গত ২ মার্চ থেকে আজ পর্যন্ত প্রায় ২০ হাজার লিটার ডিজেল বিক্রয় করলেও কোথায় এবং কত দামে তা বিক্রি করা হয়েছে, তার কোনো বৈধ ভাউচার দেখাতে পারেনি কর্তৃপক্ষ। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য রাখা এবং মোড়কীকরণ আইন অমান্য করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ও ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে সীমাখালি থেকে ভায়না মোড় পর্যন্ত বিভিন্ন পেট্রোল পাম্প তদারকি করা হয়। এসময় পাম্প মালিক ও ম্যানেজারদের সরকারি নির্দেশনা মেনে তেল বিক্রির কঠোর নির্দেশ দেওয়া হয় এবং খোলা বাজারে অধিক দামে তেল বিক্রি না করতে সতর্ক করা হয়।

অভিযানটির নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সজল আহম্মেদ। অভিযানে সার্বিক সহযোগিতায় ছিল জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), জেলা মার্কেটিং অফিস এবং মাগুরা জেলা পুলিশের একটি টিম।

সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, পবিত্র রমজানে জনস্বার্থে বাজার নিয়ন্ত্রণে এ ধরণের তদারকি ও অভিযান জেলা জুড়ে অব্যাহত থাকবে।