• ঢাকা
  • শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন

রংপুরের পীরগঞ্জে পাচগাছি ইউনিয়নে ২৫৭০ জনের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতারণ


প্রকাশের সময় : মার্চ ১৫, ২০২৬, ৯:০৫ অপরাহ্ন / ৯৯
রংপুরের পীরগঞ্জে পাচগাছি ইউনিয়নে ২৫৭০ জনের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফের চাল বিতারণ

রংপুর অফিসঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছী ইউনিয়নে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফ (VGF) কর্মসূচির চাল বিতরণ করা হয়েছে। রবিবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আওতায় মোট ২ হাজার ৫৭০ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

স্থানীয় প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত এ বিতরণ কার্যক্রমে ট্যাগ অফিসার হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমি সুপারভাইজার এভিএম সাজিদুল বারী। এছাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতান মন্ডল সার্বিক তদারকি করেন।

চাল বিতরণ অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান সুলতান মন্ডল বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারের পক্ষ থেকে দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বরাদ্দ দেওয়া হয়েছে। যাতে করে অসহায় মানুষও ঈদের আনন্দ ভাগাভাগি করতে পারে। তিনি আরও বলেন, সরকারের এই সহায়তা প্রকৃত দরিদ্রদের কাছে পৌঁছে দিতে স্বচ্ছতার সঙ্গে বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা অহিদুল ইসলাম, পাঁচগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর শরিফুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সভাপতি একরামুল হক আসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উপকারভোগীরা জানান, ঈদের আগে এই সহায়তা পেয়ে তারা অনেক উপকৃত হয়েছেন। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে এই চাল তাদের পরিবারের জন্য কিছুটা স্বস্তি এনে দিয়েছে। তারা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পর্যায়ক্রমে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হচ্ছে। যাতে করে দরিদ্র ও অসহায় মানুষও ঈদের আনন্দে সামিল হতে পারে।

চাল বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং পুরো প্রক্রিয়ায় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থেকে তদারকি করেন।