• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

রংপুরের পীরগঞ্জের পাঁচগাছি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত


প্রকাশের সময় : জানুয়ারী ২৬, ২০২৬, ৮:৪৪ অপরাহ্ন / ১০২
রংপুরের পীরগঞ্জের পাঁচগাছি ইউনিয়নে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক, রংপুরঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার ১১ নম্বর পাঁচগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মিয়ার আকস্মিক মৃত্যুতে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। রবিবার  দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে ৭ নম্বর ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মোঃ সুলতান মন্ডলকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত তিনি অস্থায়ীভাবে ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করবেন বলে সভা সূত্রে জানা গেছে।

চেয়ারম্যান বাবুল মিয়ার আকস্মিক মৃত্যুতে ইউনিয়নবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিন ধরে জনপ্রতিনিধি হিসেবে তিনি এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসেন। তাঁর মৃত্যুতে ইউনিয়ন পরিষদ একজন অভিভাবকতুল্য নেতাকে হারিয়েছে বলে মন্তব্য করেন স্থানীয় জনপ্রতিনিধিরা।জরুরি সভায় ইউনিয়ন পরিষদের সচিব, সকল নির্বাচিত ইউপি সদস্য, গ্রাম্য পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সভার শুরুতে চেয়ারম্যান বাবুল মিয়ার রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় উপস্থিত সবাই গভীর শ্রদ্ধার সঙ্গে প্রয়াত চেয়ারম্যানের স্মৃতির প্রতি সম্মান জানান।প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্বপ্রাপ্ত মোঃ সুলতান মন্ডল বলেন, এই দায়িত্ব আমার জন্য অত্যন্ত কষ্টের হলেও ইউনিয়নের স্বার্থে আমি সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার চেষ্টা করবো। সরকারি নির্দেশনা না আসা পর্যন্ত নিয়ম অনুযায়ী পরিষদের কার্যক্রম সচল রাখা আমার প্রধান লক্ষ্য।

ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে পরবর্তী নির্দেশনা পাওয়ার আগ পর্যন্ত প্যানেল চেয়ারম্যানই দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন। পরিষদের সেবা কার্যক্রম, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, উন্নয়ন প্রকল্পসহ সকল দাপ্তরিক কাজ স্বাভাবিকভাবে চলমান থাকবে।শেষে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।