• ঢাকা
  • শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

যশোর সীমান্তে বিজিবির বড় অভিযান : ৫২ কেজি গাঁজা ও মাদকসহ বিপুল মালামাল জব্দ


প্রকাশের সময় : মার্চ ৬, ২০২৬, ৫:৪৮ অপরাহ্ন / ৮১
যশোর সীমান্তে বিজিবির বড় অভিযান : ৫২ কেজি গাঁজা ও মাদকসহ বিপুল মালামাল জব্দ

আজিজুল ইসলাম, যশোরঃ যশোরের ধান্যখোলা ও আন্দুলিয়া সীমান্ত এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা ও নেশাজাতীয় কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)। শুক্রবার (৬ মার্চ) পরিচালিত এই অভিযানে মালিকবিহীন অবস্থায় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর ধান্যখোলা বিওপির একটি চৌকস দল সীমান্ত এলাকার বাহাদুরপুর মাঠের মধ্যে অভিযান চালায়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৯.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

​অন্যদিকে, আন্দুলিয়া বিওপির বিজিবি সদস্যরা আরশিংড়ি মাঠ সংলগ্ন পুকুর পাড় এলাকায় পৃথক একটি অভিযান পরিচালনা করে। সেখান থেকে ৩ কেজি গাঁজা এবং ১১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ‘উইনসেরেক্স’ (WINCEREX) নামক নেশাজাতীয় কফ সিরাপ জব্দ করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্যের সর্বমোট বাজারমূল্য আনুমানিক ২ লাখ ২৭ হাজার ৭৫০ টাকা।

​বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বেনাপোল পোর্ট থানা ও চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

​এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিপি, পিবিজিএম, পিএসসি সংবাদমাধ্যমকে জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি চক্র রুখতে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। তিনি বলেন, মাদক ও চোরাচালানি মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম নিয়মিত অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এসব অবৈধ মাদক জব্দ করা সম্ভব হয়েছে। জনস্বার্থে সীমান্তের এই কঠোর নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।